এবার গৌরবের নতুন অধ্যায় বাংলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে

Chittaranjan Locomotive Works

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সর্বোচ্চ ক্ষমতা ও গতি সম্পন্ন যাত্রীবাহী ইঞ্জিন “তেজস” তৈরি হচ্ছে চিত্তরঞ্জনে। সূত্রের খবর, দেশের প্রথম বেসরকারি সংস্থা পরিচালিত হাইস্পিড ট্রেন এটি। উল্লেখ্য, প্রাথমিক পর্বে সাফল্য মেলায় ভবিষ্যতে একাধিক রুটে এই পরিষেবা চালুর কথা ভাবতে চলেছে রেল। সর্বোচ্চ ক্ষমতা ও গতি সম্পন্ন ইঞ্জিনও এক্ষেত্রে প্রয়োজন। সেই “তেজস” রেল ইঞ্জিন প্রস্তুত হচ্ছে বাংলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে। জানা গিয়েছে, জোড়া এই ইঞ্জিনের মিলিত ক্ষমতা ১১ হাজার হর্সপাওয়ার, স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রতি ঘন্টায় ২২০ থেকে ২৫০ কিলোমিটার গতিতে ছোটার ক্ষমতা সম্পন্ন এই ইঞ্জিন।

তবে দেশীয় ট্র্যাকের অবস্থার দিকে চিন্তা করে ওই গতিতে চলার অনুমতি দেবে না রেল। সিএলডব্লু-তে যার ট্রায়াল রানও হয়ে গিয়েছে বলে জানা যায়। আবার সেই ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রেল কর্তৃপক্ষ প্রজেক্টটিকে এখনই প্রকাশ্যে আনতে চাইছে না বলেও খবর। ছবির সত্যতা স্বীকার করা হয়েছে। তবে মুখে কিছু বলতে নারাজ আধিকারিকরা। আবার সিএলডব্লু-তে যুদ্ধকালীন তৎপরতায় অন্যান্য ইঞ্জিনও তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। সিএলডব্লু-র মুখ্য জনসংযোগ আধিকারিক মন্তার সিং তেজস ইঞ্জিন নিয়ে কোনও মন্তব্য করেননি। উল্লেখ্য, দেশের প্রথম ইলেক্ট্রিক লোকোমোটিভ প্রস্তুতকারক সিএলডব্লু এখনও উৎপাদনের নিরিখে বিশ্বের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা। ২০১৯-২০ অর্থবর্ষে ৪৩১টি ইঞ্জিন প্রস্তুত করে লিমকা বুকে নাম তোলে এই কারখানা। এবার বেশি ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির রেল ইঞ্জিন দেশকে দিশা দেখাতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবার গৌরবের নতুন অধ্যায় যোগ করতে চলেছে সিএলডব্লু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *