কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফের শুনানি

College Students

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে শুনানি ১০ আগস্ট। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা কবে, তা নিয়ে সুপ্রিমকোর্টে ফয়সালা হল না। আগামী ১০ আগস্ট আবারও শুনানি হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রককে এ ব্যাপারে জবাব দিতে হবে, তাদের অবস্থান ঠিক কোনখানে। আদালতে মামলা চলতে থাকায় পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা বেড়ে চলেছে।

এ প্রসঙ্গে যে-কোনও একটি জবাব প্রত্যাশা করছেন তাঁরা। অন্যদিকে আদালতে মামলা চলায় এই বছর পরীক্ষা হবে না, এমনটা পড়ুয়ারা ভেবে প্রস্তুতিতে যাতে গাফিলতি না দেয়, এ ব্যাপারে কেন্দ্রের পক্ষে সুপ্রিমকোর্টে তা জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। করোনার আবহে পরীক্ষা একবার পিছিয়েছে। তা পিছতে চায় না ইউজিসি। অনলাইন, অফলাইন সমন্বয়েই আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল পরীক্ষা শেষ করতে প্রত্যয়ী তারা। আবার যাঁরা পরীক্ষা দিতে পারবেন না, তাঁদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার পক্ষেও সওয়াল করা হয়েছে। পড়ুয়াদের একাংশ বর্তমান আবহে চলতি বছরের পরীক্ষা বাতিলের দাবি করেছে।

বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শাহের বেঞ্চে শুনানিতে পরীক্ষার্থীদের একাংশের হয়ে সওয়াল করা অভিষেক মনু সিংভির সূত্রে জানানো হয়েছে, পরীক্ষা না হলে আকাশ ভেঙে পড়বে না। এক্ষেত্রে যুক্তি দেখানো হয়েছে, অনলাইন পরীক্ষা নেওয়ার মতো পরিকাঠামো অনেক বিশ্ববিদ্যালয়েরই নেই। বিপর্যয় মোকাবিলা আইনে রাজ্য সরকার চাইলে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করেই সুপ্রিমকোর্টকে রায় দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *