করোনা প্রতিষেধক তৈরিতে অগ্রগতি ইটালির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রতিষেধক তৈরিতে এগোচ্ছে ইটালি। সূত্রের খবর, করোনা-প্রতিষেধক তৈরির প্রতিযোগিতার ক্ষেত্রে প্রথম চারে আগেই নাম তুলেছে আমেরিকা, চিন, ব্রিটেন ও জার্মািন। এবার নতুন সংযোজন হয়েছে ইটালি। জানা গিয়েছে, এক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহের উপরে পরীক্ষা-নিরীক্ষা শুরু হতে আরও সময়ের অপেক্ষা। ইটালির গবেষকরা দাবি করেছেন, তাঁরা এমন একটি ভ্যাকসিন তৈরি করেছেন, যা মানবকোষে নোভেল করোনা পরিস্থিতিকে নিষ্ক্রিয় করে দিতে পারে। রোমে সংক্রামক ব্যাধির জন্য থাকা বিশেষ হাসপাতালে ইঁদুরের উপরে অ্যানিম্যাল ট্রায়াল সফল হয়েছে বলেও দাবি করা হয়েছে। এক্ষেত্রে গবেষকরা জানিয়েছেন, ভ্যাকসিন প্রয়োগে দেখা গিয়েছে, ইঁদুরের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। মানুষের শরীরেও একইভাবে কাজ দেবে প্রতিষেধকটি, এমনও দাবি করা হয়েছে। করোনা মোকাবিলায় সম্ভাব্য চিকিৎসার তালিকায় রয়েছে আমেরিকার ওষুধ “রেমডেসিভিয়ার”, ব্রিটেনের “চ্যাডক্স-১” ভ্যাকসিন। ইটালির গবেষক দলটির সঙ্গে যুক্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থার সিইও লুইজি আউরিজিক্কিয়ো জানিয়েছেন, সম্ভাব্য প্রতিষেধক আরও রয়েছে। আমাদের মতো এতটা অগ্রগতি মনে হয় না আর কেউ করেছে বলে।

