কলকাতা পুরভোটে বাম কংগ্রেস পরস্পর প্রতিপক্ষ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা পুরসভা ভোটে জোট নয়। আলিমুদ্দিন- বিধানভবন আবার পৃথক। পরস্পরের থেকে ব্যবধান বাড়ল। কলকাতা পুরভোটে বাম-কংগ্রেস এবার অনেক আসনেই মুখোমুখি লড়াইয়ে নামছে। উল্লেখ করা যায়, বাম শিবির ১১৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে। বলা চলে, মোট ১৭ টি আসন কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছিল ৷ অন্যদিকে প্রাথমিকভাবে ৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস।
পরবর্তীতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও ৬০টির মতো আসনে প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত। বাম শিবিরের ১২৭ টি আসনে প্রার্থী দেওয়ার পাশাপাশি পাল্টা ১২৬ টির মতো আসনে দলীয় প্রার্থী দিয়েছে প্রদেশ কংগ্রেসও৷ জোট না করেই কলকাতা পুরভোটে অধিকাংশ আসনে বাম ও কংগ্রেস পরস্পরের প্রতিপক্ষ হতে চলেছে। তবে বাম ও কংগ্রেস কিছু আসন অবশ্য ছেড়েছে। বামেরা ১৭টি ও কংগ্রেস ১৮টি আসনে পরস্পরের বিরুদ্ধে না লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে লক্ষ্যনীয়, বামেদের জেতা আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছে, আবার কংগ্রেসের জেতা আসনেও বামেরা একতরফা ভাবে প্রার্থী দিয়েছে।
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাম ও কংগ্রেস আলাদা লড়ে নিজেদের ভোট ধরে রাখতে পারলে বিজেপি ও তৃণমূলের লড়াই আরও কঠিন হওয়ার সম্ভাবনা থাকবে। একুশে বিধানসভা নির্বাচনে জোট করে তৃণমূলের বিরুদ্ধে লড়েছিল বাম-কংগ্রেস জোট। এক্ষেত্রে তৃণমূল- বিজেপি-কে রুখতে সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
সেক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে ভোট দেওয়া ভোটারদের একটা বড় অংশ শেষ পর্যন্ত বিজেপি-র ওপরই আস্থা রাখে ৷ বাম- কংগ্রেস জোট হলেও সুবিধা হয়ে যায় বিজেপির । রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ মনে করছেন,বাম- কংগ্রেসের জোট না হওয়ার ফলে সুফল পাবে তৃণমূল কংগ্রেসই । কলকাতা পুরভোটে বাম-কংগ্রেস নিজেদের পৃথক শক্তি যাচাই করে নিতে চাইছে। জোট ভাঙার দায় নিয়ে চাপানউতোর রয়েছেই। কলকাতা পুরভোটে রাজ্য রাজনীতির অনেক হিসেব নিকেশ বাকি রয়েছে। ফলাফল প্রকাশ হলেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে।

