ঘূর্ণিঝড় ‘যশ’ আছড়ে পড়ার সম্ভাবনা সুন্দরবন উপকূলে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও বঙ্গোপসাগরে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় ‘যশ’। আছড়ে পড়ার সম্ভাবনা সুন্দরবন উপকূল এলাকায়।
হাওয়া অফিস সূত্রের খবর, ২৩ -২৫ মে-র মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায়। উল্লেখ্য,গত বছর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় “আম্ফান” আছড়ে পড়েছিল রাজ্যে। ক্ষতিগ্রস্ত হয় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ । সুন্দরবন সংলগ্ন উপকূলের জেলাগুলিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় । সেই পরিস্থিতি সামলাতে না সামলাতে বঙ্গোপসাগরে আরও এক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উল্লেখ করা যায়,আরব সাগরের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় “তাউতে”আছড়ে পড়ে মুম্বই ও গুজরাতে । সেই ঝড়ের রোষ থামতে না থামতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, এক সঙ্গে দুটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে। একটি বঙ্গোপসাগরে। অপরটি আরব সাগরে । এই সুপার সাইক্লোনটির নামকরণ করা হয়েছে ‘যশ’।
এইসময় গরমে নাজেহাল বঙ্গবাসী । দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে ৫ ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরমে নাজেহাল হতে হচ্ছে। হাওয়া অফিস সূত্রের খবর,বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের গতিমুখ বাংলাদেশের দিকে থাকবে বলেই মনে করা হচ্ছে । ওড়িশা থেকে বাংলাদেশের সুন্দরবন ও চট্টগ্রাম এলাকা পর্যন্ত এর প্রভাব থাকবে বলেও পূর্বাভাস। এই ঝড় নিয়েই সতর্কতা বাড়ানো হয়েছে।

