মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে বিধান পরিষদ গঠনের প্রস্তাব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:রাজ্যে বিধান পরিষদ গঠন নিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পশ্চিমবঙ্গ সরকার বিধানপরিষদ গঠন করতে উদ্যোগী হয়েছে। সূত্রের খবর,বিধানসভা ভোটে শাসক দলের একাধিক পুরনো মুখ বাদ দেওয়া হয়েছিল প্রার্থী তালিকা থেকে। এক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন, সরকার গঠন করার পর বাদ যাওয়া নেতাদের অনেককেই ফিরিয়ে আনা হবে। তার জন্য রাজ্য সরকার আগ্রহী হবে বিধান পরিষদ গঠনে।
আবারও তৃতীয়বার সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসীন তৃণমূল কংগ্রেস। গঠিত হয়েছে রাজ্য মন্ত্রীসভাও ৷ সূত্রের আরও খবর,তৃণমূলের দ্বিতীয় মন্ত্রীসভার বৈঠকে বিধান পরিষদ নিয়ে প্রস্তাব নেওয়া হয়েছে। রাজ্যের ৮ মন্ত্রীর উপস্থিতিতে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানা যায়। বিধান পরিষদ নিয়ে আলোচনাও চলবে বিধানসভায়।
এক্ষেত্রে জানা গিয়েছে,বিধান পরিষদ রাজ্য আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট বা এক কক্ষবিশিষ্ট হতে পারে। দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ এবং নিম্নকক্ষ হল বিধানসভা। ভারতের বেশিরভাগ রাজ্যেই বিধান পরিষদ নেই। পশ্চিমবঙ্গও এক কক্ষ বিশিষ্ট। আবার বিধান পরিষদের গুরুত্ব ও ক্ষমতার বিষয়ে উল্লেখ করা হয়েছে, ভারতীয় সংবিধানের ১৭১ নম্বর ধারা অনুযায়ী, বিধান পরিষদের সদস্য সংখ্যা সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যার এক তৃতীয়াংশের বেশি হবে না। আবার কোনও অবস্থাতেই তা ৪০-এর কমও হবে না।
এ বিষয়ে আরও জানা যায়, বিধান পরিষদের কার্যকালের মেয়াদ ৬ বছর। প্রতি ৬ বছর অন্তর বিধান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি ২ বছর অন্তর বিধান পরিষদের এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করে থাকেন। বিধান পরিষদের আইনি ক্ষমতা বলতে উল্লেখ করা হয়েছে,অর্থবিল ছাড়া যে কোনও বিল বিধান পরিষদে উত্থাপন করা সম্ভব হতে পারে। বিধানসভায় পাশ হওয়া কোনও বিলকে বিধান পরিষদ সর্বাধিক ৪ মাস পর্যন্ত আটকে রাখতে পারে বলে জানা যায়।
পরিষদের শাসন ক্ষমতার বিষয়ে সংবিধান অনুযায়ী বলা হয়েছে, রাজ্যের মন্ত্রীসভা শুধুমাত্র নিম্নকক্ষ বা বিধানসভার কাছেই দায়বদ্ধ। তবে শাসন সংক্রান্ত তেমন কোনও ক্ষমতা নেই বিধান পরিষদের। সূত্রের আরও খবর,পশ্চিমবঙ্গে একসময় বিধান পরিষদের অস্তিত্ব ছিল। সংসদীয় গণতন্ত্রে রাজ্য আইনসভার উচ্চকক্ষ প্রায় গুরুত্বহীন হয়ে পড়তে থাকে ।
এরপর পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যে এই উচ্চকক্ষ বিলুপ্ত হয়ে যায়। এক্ষেত্রে আরও জানা গিয়েছে,১৯৬৯ সালের ২১ মার্চ পশ্চিমবঙ্গে বিধান পরিষদ অবলুপ্তির একটি প্রস্তাব পাস হয়। পরবর্তীতে ভারতীয় সংসদে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ অবলুপ্তি আইন, ১৯৬৯ সালে পাস হয়। ১৯৬৯ সালের ১ অগস্ট এই পরিষদ অবলুপ্ত হয়েছিল বলে খবর ।
উল্লেখ্য,২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার এই পরিষদ গঠনের কথা বলে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে,ভারতের মোট ৭ টি অঙ্গরাজ্যে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার অস্তিত্ব রয়েছে। তার মধ্যে রয়েছে- উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও জম্মু -কাশ্মীর। আবার ২০০৭ সালে এপ্রিল মাসে অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনা হয়েছিল।

