কল্পতরু উৎসবের পূর্বেই দক্ষিণেশ্বর মেট্রো চালু হওয়ার সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নতুন বছরেই চালু হওয়ার সম্ভাবনা দক্ষিণেশ্বর মেট্রো। কল্পতরু উৎসবের পূর্বেই এই শুরুর ভাবনা রয়েছে।
সূত্রের খবর,দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন অনেকটা মন্দিরের ধাঁচে তৈরি হয়েছে।এক্ষেত্রে প্রাথমিকভাবে দেখলে মনে হবে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করছেন। সূত্রের আরও খবর, কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর পৌঁছে যেতে পারেন মেট্রো চেপেই। ১ জানুয়ারির আগেই খুলে যাওয়ার সম্ভাবনা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ।
এক্ষেত্রে জানা যায়,নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলছে পুরোদমে কাজ।একদিকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নির্মাণের কাজ শেষ। আবার বরানগর মেট্রো স্টেশন সাজানোর কাজ শেষের পথে। জোরকদমে চলছে বরানগর মেট্রো স্টেশন এলাকার কাজ। কাজের তদারকি করছেন আর ভিএনএল ও মেট্রো রেলের আধিকারিকরা। এই মেট্রো স্টেশনে পৌঁছনোর ক্ষেত্রে আলাদা রাস্তা রয়েছে। অন্যদিকে ডানকুনি-শিয়ালদহ শাখায় দক্ষিণেশ্বর স্টেশন থেকেও মেট্রো চড়ার জন্য রাস্তা থাকছে। বরানগর স্টেশন হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর। ডানলপ থেকে সহজেই এখানে পৌঁছে যাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে আরও জানা যায়,নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে থাকছে মাত্র একটি স্টেশন। যার দূরত্ব হচ্ছে মাত্র ৪ কিলোমিটারের মতো।

