৭৪তম স্বাধীনতা দিবসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ধোনির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ফিনিশার হিসেবে পরিচিত তিনি ৷ মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট জীবনের ইতিও টানলেন একেবারে নিজস্ব স্টাইলেই ৷ সোশ্যাল মিডিয়ার লিখলেন এক আবেগঘন পোস্ট। জানা গেল, মাহি বিদায় নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
উল্লেখ্য, রাঁচির ছেলে মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ২০০৪ সালে। তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বেই তাঁর ক্রিকেট কেরিয়ারের শুরু। জীবনের প্রথম ইনিংসে করেছিলেন শূন্য রান ৷ তার পরেও ম্যাচগুলিতে রান করতে পাচ্ছিলেন না সেভাবে ৷ তবে পাকিস্তান সফরে গিয়েই যেন গর্জে উঠলেন ধোনি ৷ ২০০৫ সালে টেস্ট ক্রিকেটে সুযোগ পান শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর ক্রিকেটপ্রেমীরা বুঝতে পারেন ধোনির জাত।
এরপর তিনি দ্বায়িত্ব পান ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন হওয়ার। ২০০৭ সালে তাঁরই নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে নাস্তানাবুদ করে চ্যাম্পিয়ন হয় ভারত। পাশাপাশি ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাহির সেই “ছক্কা” এখনও কেউ ভুলতে পারেননি ৷ ধোনির নেতৃত্বেই টেস্টে ভারত এক নম্বর স্থানও অধিকার করে ৷

