শেষ দফায় ৪ জেলায় ৩৫ আসনে ভোট-দেখে নিন তৎপরতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কাল অষ্টম দফার নির্বাচন। মোট ৪ জেলায় ৩৫টি আসনে ভোট হবে। মুর্শিদাবাদ জেলায় ১১টি আসন,বীরভূম জেলায় ১১টি আসন,মালদহ জেলায় ৬টি ও উত্তর কলকাতায় ৭টি আসনে ভোট হবে। শেষ দফায় বেলেঘাটা-কাশীপুর, উত্তর কলকাতা,বীরভূম ও মুর্শিদাবাদ সহ কয়েকটি এলাকায় “দুর্গ’ বানিয়ে” ভোটে নামছে কমিশন। অষ্টম দফায় মোট বাহিনী থাকছে ৭৫৩ কোম্পানি। নির্বাচনের কাজে ব্যবহার করা হবে ৬৪১ কোম্পানি।
সবথেকে বেশি বাহিনী মোতায়েন থাকবে বীরভূমে। এরপর মুর্শিদাবাদ। শেষ দফায় কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে তা জেনে নেওয়া যাক।
বীরভূম জেলায় ২২৪ কোম্পানি,মুর্শিদাবাদ জেলায় ২১২ কোম্পানি,মালদা জেলায় ১১০ কোম্পানি,কলকাতা উত্তরে ৯৫ কোম্পানি।
অষ্টম দফায় ৪টি জেলায় মোট বুথের সংখ্যা ১১৮৬০ টি। যার মধ্যে বেশি বুথ বীরভূম জেলাতেই। বীরভূমে বুথ সংখ্যা ৩৯০৮টি,মুর্শিদাবাদে বুথ সংখ্যা ৩৭৯৬টি, মালদায় বুথ সংখ্যা ২০৭৩টি ও কলকাতা উত্তরে বুথ সংখ্যা ২০৮৩টি।
কমিশন সূত্রে জানানো হয়েছে,রাখা হয়েছে ৪০ নাকা চেকিং পয়েন্ট। থাকছে কলকাতা পুলিশের বিশেষ নজর। শেষ দফার ভোট শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন । যে কোনও ধরণের অশান্তি রুখতে কড়া প্রশাসন। ভোটের অশান্তি রুখতে সেখানে মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর কলকাতার ২৯ টি থানা এলাকায় ভোটকেন্দ্র থাকছে ৫৪৭টি। বুথ থাকছে ২০৮৩টি।
আবার উত্তর কলকাতার ৭ টি বিধানসভা কেন্দ্রকে ভাগ করা হয়েছে ৯৮ সেক্টরে। গোটা এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। থাকবে ৬ হাজার কলকাতা পুলিশ। সংবেদনশীল ও উত্তেজনাপ্রবণ এলাকায় বাড়তি নজর দেওয়া হচ্ছে। মোট ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক থাকবেন নির্বাচনী দায়িত্বে,এমনটাই জানা গিয়েছে।
সূত্রের খবর,রাস্তায় থাকবেন যুগ্ম পুলিশ কমিশনাররাও। উত্তর কলকাতার জন্য থাকছে ৮৭ আর টি ভ্যান। ২৯ হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ৯০ কুইক রেসপন্স টিম ও থাকছে প্রায় ১০০০ বাইক। বিশেষ বাহিনীর প্রায় ১০০ টহলদারি গাড়িও থাকছে এলাকা জুড়ে। গঙ্গার প্রতিটি ঘাটে নজরদারি করবে জল পুলিশ। হাওড়া ব্রিজে থাকবে নাকা চেকিং পয়েন্ট।
এক্ষেত্রে আরও জানা যায়,উত্তর কলকাতায় বিশেষ নজর থাকবে কাশীপুর-বেলগাছিয়া ও বেলেঘাটার দিকে। মানিকতলা ও উল্টোডাঙা এলাকার বেশ কিছু পয়েন্টে থাকছে কড়া নজরদারি। পাশাপাশি ট্যাংরা, তপসিয়া ও এন্টালি সহ বেশ কিছু এলাকা নজরদারিতে থাকবে । গেস্ট হাউজ ও হোটেলগুলিতেও নজর রেখেছে কলকাতা পুলিশ।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

