নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ, পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ। ৮ দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন হবে। ভোট গণনা হবে ২ মে। এবার পশ্চিমবঙ্গে বুথ সংখ্যা বেড়েছে। যার সংখ্যা ১,০১,৯১৬টি। ৩১.৬৫ শতাংশ বেড়েছে ভোটগ্রহণ কেন্দ্র। গত বিধানসভা নির্বাচনে ৭৭,৪১৩টি ভোট কেন্দ্রের সংখ্যা ছিল। এবার বিধানসভা নির্বাচন করোনা বিধি মেনেই হবে। নয়াদিল্লির বিজ্ঞানভবনে সাংবাদিক বৈঠকে এই নির্বাচনী নির্ঘন্ট তুলে ধরা হয়। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এই ঘোষণা করেন। ভোটের নির্ঘন্ট ঘোষণা হতেই লাগু হল নির্বাচনী আচরণবিধি।
পাশাপাশি আজ বাংলা সহ ৫ রাজ্যের ভোটের দিনও ঘোষণা করা হল। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে ভোট নেওয়া হবে। অন্যদিকে অসমে ১২৬টি আসন, কেরালায় ১৪০টি আসন, তামিলনাড়ুতে ২৩৪টি আসন ও পদুচেরিতে ৩০টি আসনে বিধানসভা নির্বাচন হবে। কমিশন সূত্রে খবর, এবার ভোটদানের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে। পাশাপাশি বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন সর্বোচ্চ ৫ জন। অনলাইনে মনোনয়ন দিতে পারবেন প্রার্থীরা। সব ভোটকর্মীদের টিকাকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, একতলায় ভোটগ্রহণ কেন্দ্র করা হবে।
পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট হবে ২৭ মার্চ (৩০ আসনে)। দ্বিতীয় দফা ১ এপ্রিল (৩০ আসনে)। তৃতীয় দফা ৬ এপ্রিল (৩১ আসনে)। চতুর্থ দফা ১০ এপ্রিল (৪৪ আসনে)। পঞ্চম দফার ভোট হবে ১৭ এপ্রিল (৪৫ আসনে)। ষষ্ঠ দফার ভোটগ্রহণ ২২ এপ্রিল (৪৩ আসনে)। সপ্তম দফার ভোট হবে ২৬ এপ্রিল (৩৬ আসনে) এবং শেষ দফার ভোটগ্রহণ ২৯ এপ্রিল (৩৫ আসনে)।

