রাজ্যে ইভিএমের প্রথম পরীক্ষার প্রস্তুতি শুরু

Voting Mechine

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজনৈতিক উত্তাপ বাড়ছে বঙ্গে। ভোট প্রস্তুতি পর্ব শুরু করছে নির্বাচন কমিশন। এরপর শুরু হতে চলেছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ফার্স্ট লেভেল অব চেকিং (এফএলসি) বা প্রথম দফার পরীক্ষা। সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই তা হওয়ার কথা রয়েছে। তার প্রস্তুতিও শুরু করেছে জেলা প্রশাসন। এক্ষেত্রে জানা গিয়েছে, প্রায় ২ মাস ধরে চলবে এই প্রক্রিয়া।

উল্লেখ্য, ভোটের দিন জনতার উপস্থিতিতে পরীক্ষায় বসে ইভিএম। ভোটযন্ত্রে যাতে কোনও বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে আগে ৩ দফায় পরীক্ষা হয়। প্রথমে এফএলসি। পরবর্তী পর্যায়ে দ্বিতীয় ধাপে কমিশনিং। এরপর শেষে ভোটের দিন মূল ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার আগে ‘মক পোল’ বা ভোটগ্রহণের মহড়া চলে। এক্ষেত্রে আরও জানা যায়, ৩টি পরীক্ষায় পাশ করা ভোটযন্ত্রকেই শেষ পর্যন্ত ভোটের কাজে ব্যবহার হয়ে থাকে।

সূত্রের আরও খবর, পুজোর ছুটির আগে এফএলসি-এর জন্য কন্ট্রোল ইউনিট (সিইউ), ব্যালট ইউনিট (বিইউ) ও ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট)-এর ব্যাটারি পেয়েছিল জেলা প্রশাসন। পাশাপাশি এসেছিল সিইউ-এর পেপার সিল এবং ভিভিপ্যাটের পেপার রোল। এক্ষেত্রে এফএলসি-র পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করছে জেলাগুলি। জানা যায়, এ বিষয়ে কমিশনের সঙ্গে কথাও হয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের। কমিশন থেকে এফএলসি শুরু করার বিষয়ে সবুজ সঙ্কেতও পাওয়া গিয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *