ভয়াবহ আগুনের লেলিহান শিখা শুশুনিয়ার গোটা পাহাড়ে, আতঙ্ক

sushunia mountain

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শুশুনিয়ার গোটা পাহাড় জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। মঙ্গলবার অর্থাৎ ৭ এপ্রিল দুপুর থেকে জ্বলছে শুশুনিয়া। সূত্রের খবর, পাহাড়ের শুকনো পাতায় আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড় থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় মানুষজন দমকলে খবর দেন। এরপর দমকল আগুন নিয়ন্ত্রণ করার পর ফিরে আসে। এরপরেও শুশুনিয়া পাহাড় জুড়ে আগুনের শিখা পান গ্রামের বাসিন্দারা। ভিড় জমে যায় সেখানে। সন্ধ্যে থেকে এক নাগাড়ে জ্বলে আগুন। রাতে তা ভয়াবহ চেহারা নেয়। ভয়াবহ এই আগুনের ফলে পাহাড়টি দেখে মনে হচ্ছে যেন জ্বলন্ত আগ্নেয়গিরি।

এই নিয়ে এলাকায় আতঙ্কও তৈরি হয়েছে। বাতাসে উড়ছে আগুনের ফুলকিও। এরফলে গ্রামগুলির খড়ের ছাউনিতে আগুন ধরে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শেয়াল, বুনো শূয়োর সহ বিভিন্ন পশুদের আর্তনাদও শুনতে পাচ্ছেন গ্রামের বাসিন্দারা। অনেক পশুও মারা গিয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন বাঁকুড়া ও পুরুলিয়ার যে তাপমাত্রা, তা থেকেই হাওয়ায় শুকনো পাতায় আগুন লেগে গিয়েছে। এইসময় পুরুলিয়ার তাপমাত্রা ৩৯ ডিগ্রি, বাঁকুড়ার ক্ষেত্রে তা ৪০.৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। এরফলেই আগুন লাগার সম্ভাবনা আরও তীব্র হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে আমাজনের আগুনের ত্রাস দেখেছে গোটা বিশ্বের মানুষ। এই ঘটনায় তাই উদ্বিগ্ন শুশুনিয়া এলাকা সংলগ্ন অঞ্চলের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *