সল্টলেকে ডিজিটাল প্ল্যাটফর্মে আবির্ভাব ঘটবে গণপতির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহে সিদ্ধিদাতা গণেশও ভিন্নভাবে। এই শহরে প্রথমবার ডিজিটাল প্ল্যাটফর্মে আবির্ভাব ঘটবে গণপতির। সূত্রের খবর, সল্টলেক যুবক সংঘের এবারের পুজোর থিম “গৃহকোণে বিনায়ক”। অনলাইনে সাংবাদিক সম্মেলন করে এখবর জানিয়েছেন ওই ক্লাবের সভাপতি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এ বিষয়ে তাঁর বক্তব্য, আগামী ২২ আগস্ট গণেশ পুজো। আমাদের পুজোর উদ্বোধন, দর্শন, আরতি বা পুষ্পাঞ্জলি সবই হবে ক্লাবের ফেসবুক পেজে। অর্থাৎ পুরোটাই ডিজিটাল। যাঁরা পুজো দেবেন তাঁরা নাম ও গোত্র দিয়ে আমাদের পেজে পাঠিয়ে দিলে আমরা পুজো দিয়ে তাঁদের বাড়িতে প্রসাদ পাঠিয়ে দেব।
সূত্রের আরও খবর, ১১ বছরের পদার্পণ করা এবারের পুজোর থিম “গৃহকোণে বিনায়ক”। শহরের অন্যতম প্রাচীন এই গণেশ পুজোয় প্রতিবছরই নিত্য-নতুন থিম ভাবনা থাকে। উল্লেখ্য, গত বছরের থিম ছিল- হাজার বছরের পুরনো গণেশ মূর্তি। আয়োজক সূত্রের খবর, করোনার কারণে সবাইকে বিধি-নিষেধ মেনে চলতে হচ্ছে। সামাজিক দূরত্ব মেনে চলা ও স্যানিটাইজ করা প্রভৃতি রয়েছে। তবে ডিজিটাল মাধ্যমে পুজোর জন্য বিশ্বের সব প্রান্তেই আমাদের পুজো পৌঁছে যাবে।

