ভারতে কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য বেশি- সমীক্ষা রিপোর্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য এখনও বেশি ভারতে। লিঙ্গসমতার নিরিখে সার্বিকভাবে কিছুটা উন্নতি হলেও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় (এপিএসি) দেশগুলির মধ্যে ভারতেই এখনও কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য সবচেয়ে বেশি। ‘লিঙ্কডইন অপরচুনিটি ইনডেক্স-২০২১’-এর রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে। ওই রিপোর্টে জানানো হয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে লিঙ্গ-পরিচয় একটা ভূমিকা পালন করে, এমন অভিজ্ঞতার কথা এপিএসি দেশগুলির মধ্যে ভারতের মহিলারাই সবচেয়ে বেশি জানিয়েছেন।

ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, এই অঞ্চলের অন্যান্য দেশে এই শতাংশের হিসেবটা যেখানে ৬০, ভারতে তা ৮৫। এক্ষেত্রে জানানো হয়েছে, ভারতে প্রতি ৫ জনে ৪ জন মহিলা মনে করেন, মহিলা হওয়ার কারণেই তাঁদের বেতন, পদোন্নতি বা কাজের সুযোগ বাধাপ্রাপ্ত হয়েছে। আবার এই সংক্রান্ত বিষয়ে কর্মরত মহিলাদের ৬৩ শতাংশ ও কর্মরত মহিলাদের ৬৯ শতাংশ জানিয়েছেন, পারিবারিক ও সাংসারিক দায়-দায়িত্ব সামলাতে গিয়ে তাঁরা কর্মক্ষেত্রে বৈষম্যের মুখে পড়েছেন।

অন্যদিকে প্রতি ১০ জনের মধ্যে ৭ জন মহিলা দাবি করেছেন, পরিবারের দায়িত্ব তাঁদের কর্মোন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ করা যায়, এ বছরের ২৬ থেকে ৩১ জানুয়ারির মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। এক্ষেত্রে জানা যায়, ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের মধ্যে এই অনলাইন সমীক্ষায় এপিএসি দেশগুলি থেকে ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছেন।

এক্ষেত্রে ভারতে অংশগ্রহণকারীর সংখ্যা ২২৮৫ জন। যার মধ্যে ১২২৩ জন পুরুষ ও ১০৫৩ জন মহিলা। তবে এ বিষয়ে এই সব মহিলাদের মধ্যে ৬৬ শতাংশই স্বীকার করেছেন, তাঁদের পিতা-মাতার প্রজন্মের তুলনায় এখন লিঙ্গবৈষম্য অনেকটাই কমেছে। এই অবস্থার উন্নতি হচ্ছে ক্রমশ। করোনা পরিস্থিতিতে বাড়ি থেকে কাজ করার বিষয়টিও মহিলা কর্মীরা পছন্দ করেছেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

খবরটি পড়ে ভাল লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *