Hilsa FishOthers 

বঙ্গবাসীর রসনা তৃপ্তিতে মহার্ঘ ইলিশের খোঁজে এবার নরওয়ে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পদ্মা-মেঘনার “রুপোলি ফসল” ইলিশ থেকে বঞ্চিত হচ্ছেন এপার বাংলার বাঙালিরা। বঙ্গবাসীর রসনা তৃপ্তির খোঁজে এবার নরওয়ে। সূত্রের খবর, নরওয়ের একটি সংস্থার সঙ্গে ৫ কোটি টাকার চুক্তি করল মৎস্য দপ্তর। জানা গিয়েছে, ডায়মন্ডহারবারের সুলতানপুর গবেষণা কেন্দ্রে এসে ইলিশের বৃদ্ধির পাঠ দেবে ওই সংস্থা। আরও জানা গিয়েছে, ইলিশের সমপ্রজাতি স্যামন মাছের প্রজনন, বৃদ্ধি ও সংরক্ষণে বিশেষ সাফল্য পেয়েছে নরওয়ের সংস্থাটি। এরপর তাদের সেই অভিজ্ঞতাকে ইলিশের ক্ষেত্রে কাজে লাগিয়ে বাঙালির পাতে মহার্ঘ ইলিশ মাছ তুলে দিতে উদ্যোগী রাজ্য সরকার।

উল্লেখ্য, এই তৎপরতায় ইউরোপ থেকে মৎস্য বিশেষজ্ঞদের পশ্চিমবঙ্গে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে জানা গিয়েছে, এপ্রিল-মে মাসে নরওয়ের গবেষকদের রাজ্যে আসার কথা থাকলেও করোনার আবহে তা পিছিয়ে যায়। উল্লেখ করা যায়, ২০১২ সালে ভারত-বাংলাদেশ জলচুক্তি নিয়ে জটিলতার সৃষ্টি হয়। তার জেরে ওপার বাংলার ইলিশ এপারে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে দক্ষিণ ২৪ পরগনার সুলতানপুরে ইলিশ সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র চালু করেছিলেন। এবার সেখানে ইলিশের প্রজনন থেকে পূর্ণাঙ্গ মাছে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে হুগলির ত্রিবেণী ও মুর্শিদাবাদের ফারাক্কায় এই ধরনের আরও দুটি কেন্দ্র গড়ে তুলেছে রাজ্য সরকার।

Related posts

Leave a Comment