বিধাননগরে পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন

hakim

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই বিধাননগরবাসীদের জন্য পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন হল আজ। জানা গিয়েছে, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক সুজিত বোস, মন্ত্রী পূর্ণেন্দু বোস, মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ বিধাননগর পৌর নিগমের কাউন্সিলররা। মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত দিয়ে এই প্রকল্পের সূচনা হয়। সূত্রের খবর, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে সল্টলেকের বৈশাখী আইল্যান্ডের কাছে ৫ নম্বর ট্যাঙ্কের পাশে এই প্রকল্প গড়ে তোলা হয়েছে।

পাশাপাশি ২টি ভূগর্ভস্থ জলাধার এবং ৪ উচ্চ জলাধার থেকে বিধাননগর এলাকার ৭০ কিলোমিটার পাইপলাইন করে বাসিন্দাদের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। নিউটাউনে হিডকো নির্মিত জল পরিশোধনাগার থেকে জল সল্টলেক বৈশাখীর জল প্রকল্পে যাবে। সেখান থেকে বিধাননগর পৌর নিগমের অন্তর্গত ২২, ২৫, ২৬, ২৯, ৩৪ ও ৩৭ নম্বর ওয়ার্ড এলাকার আড়াই লক্ষ বাসিন্দারা পরিশোধিত পানীয় জল পাবেন। সমস্ত প্রকল্প রূপায়ণে দায়িত্বে ছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি।

এদিন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবিষয়ে জানান, ৩৫ বছর ধরে যারা রাজত্ব করলেন তারা সল্টলেককে পরিপূর্ণতা দিলেন না। মমতার সরকার ক্ষমতায় আসার পর নিউটাউনের প্ল্যান্ট থেকে ১১৬ কোটি টাকা খরচ করে পরিশোধিত পানীয় জল নিয়ে আসা হয়েছে। আপাতত ৪ মিলিয়ন গ্যালন জল আনার পরিকল্পনা হচ্ছে। আরও ৪ মিলিয়ন গ্যালন জল নিউটাউন থেকে সল্টলেকে যাবে। এইভাবে আসতে আসতে সল্টলেক যখন পরিপূর্ণতা লাভ করবে তখন সেটি দাঁড়াবে ৩২ মিলিয়ন গ্যালন জল।

পাশাপাশি তিনি আরও জানান, গোটা সল্টলেক থেকে আমি যা প্ল্যান পেয়েছি তাতে দেখলাম ১০ কোটি টাকা লাগবে। এই ১০ কোটি টাকার ফাইল গতকাল সই করে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *