ধরমশালায় প্রথম দিনই ধরাশায়ী ইংল্যান্ড
পঞ্চম টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। দ্বিতীয় সেশনে ধরমশালায় ধরাশায়ী ইংল্যান্ড। কুলদীপ যাদবের ঘূর্ণিতে ম্যাচের রাশ এখন টিম ইন্ডিয়ার দখলে। লাঞ্চের পর রীতিমতো নাকাল হল ইংল্যান্ড ভারতের স্পিন ত্রয়ীর সামনে। কুলদীপের স্পিনের সামনে আত্মসমর্পন করে ইংল্যান্ড ব্যাটসম্যানরা । চা বিরতির পূর্বেই ৫ উইকেট নিলেন কুলদীপ। পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন ৪টি ও রবীন্দ্র জাডেজা ১টি উইকেট নিয়েছেন। কুলদীপ যাদবের এটি টেস্ট ক্রিকেটে চতুর্থ ৫ উইকেট শিকার। কুলদীপের বোলিংয়ের শিকার হলেন জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জনি বেয়ারস্টো, বেন স্টোকস। নিজের টেস্ট কেরিয়ারের ৫০ উইকেটও পূরণ করলেন তিনি। ২১৮ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ভারত ১ উইকেটে ১৩৫রান তুলেছে। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও শুভমান গিল।
এই মুহূর্তে সিরিজে ৩-১ ফলাফলে এগিয়ে ভারতীয় দল। সিরিজ হাতে এলেও ৪-১ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ভারত। দুর্দান্ত ফর্মে যশস্বী জয়সওয়াল। মাত্র ৯টি টেস্ট ম্যাচ এখনও পর্যন্ত খেলেছেন যশস্বী । টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম দশে স্থান করে নিয়েছেন ২২ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। উল্লেখ করা যায়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্যাট হাতে যশস্বী অনবদ্য ইনিংস খেলেছেন । এই সিরিজে ৪টি টেস্টে ৯৩.৫৭ গড় তাঁর। রান সংখ্যা ৬৫৫ রান। এই সিরিজে দু’টি হাফসেঞ্চুরি এবং ২টি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।
২০২৩ সালে টেস্টে অভিষেক হয়েছিল যশস্বীর। ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই ব্যাট হাতে সফল। দেশের হয়ে ভাল পারফর্ম করাই লক্ষ্য যশস্বীর। পাশাপাশি আইসিসি ক্রমতালিকায় অনেকটাই উন্নতি হয়েছে অধিনায়ক রোহিত শর্মার। ২ ধাপ উপরে উঠে ১১ নম্বর স্থানে তিনি। সিরিজের ফলাফলে এই ম্যাচ গুরুত্বপূর্ণ না হলেও ভারতীয় দলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টেস্টটি । আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে গেলে এই ম্যাচে জয় প্রয়োজন।

