আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রীর বার্তা- “এম-যোগা অ্যাপ”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:“এক বিশ্ব, এক স্বাস্থ্য”-র লক্ষ্য নিয়ে এবার এম-যোগা অ্যাপ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে জাতির উদ্দেশে বার্তায় এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এবার এই অ্যাপ আনছে কেন্দ্রীয় সরকার। এই অ্যাপে বিভিন্ন ভাষায় যোগাসনের ভিডিও থাকবে। যা দেখে যোগাভ্যাস করতে পারবেন দেশের মানুষ।
আজ ভোর সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। দেশবাসীর উদ্দেশে তাঁর মন্তব্য, “যখন কোভিড আছড়ে পড়েছিল, তখন কোনও দেশই প্রস্তুত ছিল না। এই সময় যোগাভ্যাস মানুষের ভিতর থেকে শক্তির জোগান দিয়েছিল। যোগাভ্যাস মানুষের ভিতরকার আভ্যন্তরীণ শক্তির জোগানদাতা হয়ে দাঁড়ায়। করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার শক্তি জোগাচ্ছে এই অভ্যেস।” যোগাভ্যাস নেতিবাচকতা থেকে ইতিবাচক ও ক্লান্তি থেকে শক্তির পথপ্রদর্শনকারী বলেও জানান তিনি।

