Labour MinistryOthers 

পিএফ-এর টাকা তোলার তৎপরতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টাকা তোলার আবেদন জমা পড়লে ৭২ ঘন্টারও মধ্যে তা মঞ্জুর করবে ইপিএফও। দেশজোড়া লকডাউন পরিস্থিতিতে চাকরিজীবী মানুষের শঙ্কা কাটাতে এই সিদ্ধান্ত শ্রমমন্ত্রকের। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও) সূত্রে জানানো হয়েছে, সমস্ত আঞ্চলিক কার্যালয়কে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) অ্যাকাউন্ট থেকে অগ্রিম হিসেবে সর্বোচ্চ ৭৫ শতাংশ টাকা তোলার ব্যাপারে গ্রাহকদের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ৭২ ঘন্টার কম সময়ের মধ্যে মঞ্জুরি দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, কেওয়াইসি-সহ অন্য যাবতীয় তথ্য যথাযথভাবে উল্লেখ থাকলে, টাকা তোলার আবেদন জমা করলে দীর্ঘ অপেক্ষা করতে হবে না সংশ্লিষ্ট ইপিএফ গ্রাহককে। ৭৫ শতাংশ টাকা তোলায় কেন্দ্র ছাড় দেওয়ার পর তৎপরতা বেড়েছে। সূত্রের খবর, গত ৮ এপ্রিল পর্যন্ত প্রায় ১ লক্ষ ৩৭ হাজার পিএফ গ্রাহক আবেদনের ভিত্তিতে টাকা তুলেছেন। তার অঙ্ক প্রায় ২৭৯ কোটি ৬৫ লক্ষ টাকা। পশ্চিমবঙ্গেও প্রায় ৪ হাজার মানুষ টাকা তুলেছেন। সেই অঙ্কও প্রায় ৭ কোটি টাকা।

Related posts

Leave a Comment