লোকাল ট্রেন চালানোর লক্ষ্যে রাজ্যকে চিঠি রেলের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্যকে আবারও চিঠি দিচ্ছে রেল। সূত্রের খবর, লোকাল ট্রেনের দাবিতে বেশ কিছু স্টেশনে বিক্ষোভ চলে। সোনারপুর-মল্লিকপুরে সম্প্রতি বিক্ষোভ হয়েছে। এই অবস্থায় ফের নড়েচড়ে বসল রেল। সোনারপুর রেল স্টেশনে অবরোধও হয়। এক্ষেত্রে নিত্যযাত্রীদের অভিযোগ, ট্রেনে উঠতে না পারার জন্য রুজি-রুটিতে টান পড়ছে। অন্য যানবাহনে করে কলকাতায় আসার জন্যপ্রতিদিন অনেক টাকা অর্থদণ্ডও দিতে হচ্ছে। এছাড়া রয়েছে পুলিশি হয়রানি। এই পরিস্থিতিতে যাত্রীরা চাইছেন স্পেশ্যাল ট্রেনে উঠতে। সূত্রের আরও খবর,পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে রাজ্যকে বলা হয় লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়ার জন্য। এক্ষেত্রে রাজ্য করোনা পরিস্থিতিতে নারাজ হয়।
এ বিষয়ে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, কেবলমাত্র স্পেশ্যাল ট্রেন চালিয়ে ভিড় সামাল দেওয়া মুশকিল। নিত্যযাত্রীদের ক্ষোভ সামাল দিতে জিআরপি ও আরপিএফ প্রচেষ্টা নিলেও সমস্যা বাড়ছে। অন্যদিকে কম ট্রেনে বেশি মানুষ ওঠার কারণে করোনার আশঙ্কাও বাড়ছে। এক্ষেত্রে ট্রেন চালানোর অনুমতি চেয়েছিল রেল। রেল সূত্রে আরও জানানো হয়, হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে সমস্যা হচ্ছে না। সমস্যা তৈরি হচ্ছে শিয়ালদহ ডিভিশনেই । যেভাবে যাত্রী বেড়ে চলেছে তাতে স্টাফ স্পেশাল দিয়ে সম্ভব হচ্ছে না।সাধারণ যাত্রীদের উঠতে না দিলে অশান্তি বেড়ে চলেছে। এর ফলে জরুরি পরিষেবাও বিঘ্ন হচ্ছে ।
পাশাপাশি আর্থিক ক্ষতির বিষয়টিও রয়েছে। ট্রেন না থাকায় নিত্যযাত্রীদের আর্থিক ক্ষতি বেড়েছে। আবার ক্ষতির মুখোমুখি রেলও। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত হাওড়া- শিয়ালদহ মিলিয়ে ৩৪২টি স্টাফ স্পেশ্যাল ট্রেন চলছে। ওই সব ট্রেনগুলিতে ওঠার অনুমতি রয়েছে রেল কর্মী সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। সব দিক বিবেচনা করে এখন পরিষেবা বাড়ানোর জন্য হস্তক্ষেপ করুক রাজ্য সরকার,এমনই প্রত্যাশা রেলের।

