কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ কোর্সের স্পেশাল পেপার

Calcutta University

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অধ্যাপকের অভাব। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাই বন্ধ করে দেওয়া হচ্ছে তিনটি স্পেশাল পেপার। ওই বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বাংলা এমএ কোর্সের স্পেশাল পেপারগুলি ১৯৭৬ সাল থেকে চালু ছিল। লোকসঙ্গীত ও লোকসাহিত্য, নাট্যতত্ত্ব, নাট্যমঞ্চ ও নাটক এবং তুলনামূলক সাহিত্যের মতো পেপারগুলি সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা নতুন সেমেস্টার আর পড়তে পারবেন না পড়ুয়ারা।


বিশ্ববিদ্যালয় সূত্রে আরও খবর, বাংলায় স্থায়ী শিক্ষক ৯জন কম রয়েছেন। এছাড়া শূন্য রয়েছে ৩টি চেয়ার প্রফেসরের পদ। এক্ষেত্রে আরও জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রামতনু লাহিড়ীর নামাঙ্কিত চেয়ার প্রফেসর পদগুলির পাশাপাশি ৬টি অ্যাসোসিয়েট প্রফেসরের পদও খালি রয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে এই পদ পূরণের জন্য ইন্টারভিউ হয়।
এবিষয়ে আরও জানা যায়, ঐতিহ্যবাহী এই পত্রগুলি বাদ দেওয়া সহজ ছিল না। তবে পড়াশোনার কথা বিবেচনা করে এছাড়া কোনও উপায়ও ছিল না। প্রাগাধুনিক বাংলা সাহিত্য, আধুনিক কাব্য-কবিতা, রবীন্দ্র-জীবন ও সাহিত্য এবং কথাসাহিত্যের মতো স্পেশাল পেপারগুলির স্থায়ী শিক্ষক রয়েছেন। এগুলি পড়ুয়ারা নিতে পারবে। এক্ষেত্রে জানা গিয়েছে, বাংলা বিভাগের একটি বৈঠকে স্থির হয়েছে, বাদ পড়া পেপারগুলির অতিথি শিক্ষকদের তালিকা আর পাঠানো হবে না। তাঁদের পাঠদান থেকে আপাতত অব্যাহতি দেওয়া হচ্ছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *