গাইঘাটায় মতুয়া গড়ে মমতা-মোদিকে বিঁধে মন্তব্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “ভোটের পর পাখি পালিয়ে যাবে”, মতুয়া গড়ে গিয়ে মোদিকে বিঁধে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে ঠাকুর পরিবারের বাইরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে থেকে কাউকে কেন নির্বাচনে বিজেপি প্রার্থী করা হয় না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ষষ্ঠ দফার নির্বাচনের পূর্বে উত্তর ২৪পরগণার গাইঘাটায় গিয়ে মতুয়া মন জয়ের চেষ্টা করলেন তৃণমূল সুপ্রিমো ৷ উল্লেখ করা যায়, বিজেপি নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মতুয়াদের সমর্থন পেতে চাইছে। এক্ষেত্রে তৃণমূল নেত্রী পাল্টা দাবি করেছেন, “মতুয়ারা এমনিতেই দেশের নাগরিক ৷ এই অধিকার তাঁদের জন্মগত” ৷ রাজ্যের অন্যান্য উদ্বাস্তুদের মতো মতুয়াদেরও জমির দলিলদেওয়া হবে বলেও আশ্বাস দিলেন তিনি।
পাশাপাশি মুখ্যমন্ত্রী অভিযোগ করে জানিয়েছেন,সংশোধিত নাগরিকত্ব আইন চালু করার বিষয়ে আসলে মতুয়াদের বিভ্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এক্ষেত্রে তাঁর আরও অভিযোগ, মতুয়াদের সামনে সিএএ কার্যকর করা নিয়ে প্রতিশ্রুতি দিলেও জলপাইগুড়ি, দার্জিলিঙে অন্য কথা বলছেন অমিত শাহ৷ এ বিষয়ে ক্ষোভ ব্যক্ত করলেন তিনি।
আবার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তাঁর মন্তব্য,”ডবল ইঞ্জিন নিয়ে দিল্লিতে বসে রয়েছে ৷ ১ হাজার টাকা গ্যাসের দাম, মানুষ ভুলেছে প্রধানমন্ত্রীর নাম৷ শুধু ভোটের সময় ঠাকুর ঠাকুর করলে হবে না, মানুষের পেট ভরাতে হবে। লোকসভায় মতুয়াদের ভোট পেয়ে রানাঘাট, ব্যারাকপুরে জিতেছিল বিজেপি ৷ রাজ্যের কোনও কেন্দ্রেই কোনও কাজ করেনি বিজেপি “৷
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

