১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে গৃহলক্ষ্মীদের জন্য পরিষেবা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। বাড়ির গৃহলক্ষ্মীদের জন্য পরিষেবা। নবান্ন সূত্রের খবর, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নামের এই নতুন প্রকল্পে সাধারণ গৃহবধূরা সরকারের থেকে মাসে ৫০০ টাকা ও তফশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা ১ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পের সুবিধা মিলবে আগামী ১ সেপ্টেম্বর থেকেই। নবান্ন সূত্রে আরও জানা যায়, ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচির শিবির চলবে। এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে সেখানেই। প্রায় ১.৬৩ কোটি উপভোক্তা এই পরিষেবা পাবেন। এক্ষেত্রে বলা হয়েছে, সরকারি বা বেসরকারি ক্ষেত্রে যাঁরা স্থায়ী চাকরি করেন বা পেনশন পান, তাঁরা ছাড়া ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত সকলেই এই পরিষেবার সুবিধা পেতে পারবেন। ক্যাজুয়াল-ভিত্তিক চাকুরিজীবীরাও এই সুযোগ পাবেন। এ বিষয়ে আরও জানানো হয়েছে, সরকারের শিবিরে স্বাস্থ্যসাথীর কার্ড ও আবেদনপত্র নিয়ে গেলেই এই পরিষেবা পাওয়া যাবে।

