ভোট-যুদ্ধকে কেন্দ্র করে নন্দীগ্রাম ফের নজরে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবার সংবাদ শিরোনামে নন্দীগ্রাম।এবার আন্দোলনের জন্য নয়,দুই হেভিওয়েটের ভোট-যুদ্ধকে কেন্দ্র করে নন্দীগ্রাম ফের একবার নজরে। নন্দীগ্রামের মাটিতে “মহারণ”। এই বিধানসভার দিকেই নজর থাকবে বাংলা সহ দেশের আম-জনতার। জেতার ছক কষছে দুই শিবিরই । নন্দীগ্রামের মাটিতে লড়াই -“ভূমিপুত্র” বনাম “বাংলার জননেত্রী”। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫০ হাজারের বেশি ভোটে হারানোর অঙ্গীকার করেছেন প্রতিপক্ষ যুব-নেতা। যুদ্ধ শুরু। প্রার্থী ঘোষণা করার পর নন্দীগ্রামের মাটিতে পা রাখলেন তৃণমূল সুপ্রিমো। এই নন্দীগ্রাম তাঁকে রাজ্যে ক্ষমতা দখলের পথ তৈরি করে দিয়েছিল।সাথে ছিলেন শুভেন্দুও। নন্দীগ্রামেই নিজেকে প্রার্থী ঘোষণা করলেন তিনি।
এবার সামনে থেকে নেতৃত্ব দিয়ে “মহারণে” নামতে চলেছেন মমতা। আজই নন্দীগ্রামে কর্মীসভা তৃণমূল নেত্রীর। সব কিছু বুঝে নেওয়ার পালা। দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে জয়ের পথ প্রশস্ত করার তাগিদ রয়েছে। নন্দীগ্রামে একটি বাড়িতেই থাকবেন মুখ্যমন্ত্রী। বুধবার হলদিয়ায় গিয়ে মনোনয়ন পত্র জমা দেবেন তৃণমূল নেত্রী,এমনটাই খবর। অন্যদিকে পিছিয়ে নেই শুভেন্দুও। বিজেপি-র প্রচারে থাকবেন একঝাঁক শীর্ষ নেতা-নেত্রীরাও। আগামী ১২ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। ওইদিন শুভেন্দুর সঙ্গে থাকার সম্ভাবনা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও অভিনেতা মিঠুন চক্রবর্তীর।১১ মার্চ হলদিয়াতে স্মৃতি ইরানির সভা করার কথাও রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সভা হবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১৮ মার্চ পুরুলিয়া এবং ২০ মার্চ কাঁথিতে জনসভা করবেন মোদি। কাঁথির ওই জনসভা থেকেই শুভেন্দুকে জয়ী করার বার্তা থাকবে। মমতা বন্দোপাধ্যায়ের প্রচার অভিযান, নির্বাচনী কাজ সহ বিভিন্ন বিষয় তদারকি করার জন্য গঠন করা হয়েছে বিশেষ দল। ওই দলের দায়িত্বে রয়েছেন তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় ও দোলা সেন। গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূলের সমর্থনে দেওয়াল লিখন প্রায় শেষ নন্দীগ্রামে। একুশের বিধানসভা ভোটে দুই হেভিওয়েটের লড়াই ঘিরে জমজমাট বঙ্গ রাজনীতি। ইস্যুও তৈরি দুই পক্ষের। “বহিরাগত”,”বিশ্বাসঘাতক” শব্দগুলি এখন নন্দীগ্রামের আনাচে-কানাচে ঘুরছে।
খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

