নিমপাতার নানা ওষধিগুণ-জেনে নিন

neem and health

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিমপাতার নানা ওষধিগুণ রয়েছে। বিভিন্ন রোগে এটি বিশেষ উপকারী। দাঁতে ব্যথা হলে, হজমের সমস্যা হলে ও চুল পড়া সহ একাধিক রোগের ক্ষেত্রে নিমপাতা কার্যকরী। নিমপাতার ওষধিগুণ সম্পর্কে কারও আর অজানা নেই। এই পাতায় অনেক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সকালে খালি পেটে কয়েকটা পাতা ভাল করে ধুয়ে চিবিয়ে খেতে পারলে উপকার মেলে। তেল ছাড়া সেঁকে নিয়ে ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে। নিম গাছের ডাল, পাতা,ফল ও ছাল উপকারী। নিমের কাঠ খুব শক্ত হয়। নিম কাঠে পোকা বাসা বাঁধে না। ঘুণও ধরে না।

আবার নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে। যা ত্বক এবং চুলের জন্য বিশেষ উপকারী। নিমপাতা ব্যাকটিরিয়া ও ফাঙ্গাস দমন করে। ত্বকে নিমপাতা বাটা লাগালে ত্বকে কোনওরকম ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ হবে না। ব্রণর সমস্যাও রোধ করে নিমপাতা। ত্বকের উজ্জলতা বাড়ানোর জন্য অনেকেই নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ বেটে মাখেন।

আয়ুর্বেদ চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন,দাঁত ও মাড়ির যে কোনও রকম সংক্রমণ দূরে রাখার জন্য নিমপাতা অতুলনীয়। নিমের দাঁতন ব্যবহার করেন অনেকেই। নিমের রস দাঁতের খুব উপকারী। মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে। এছাড়া জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতে নিমগুরুত্বপূর্ণ।
চুল পড়া ও খুসকির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শ্যাম্পুর পর নিমপাতা দেওয়া জল দিয়ে চুল ধুয়ে নেওয়া যেতে পারে। পাশাপাশি চুলকানির সমস্যায় নিমপাতার রস উপকারী। চুলের শুষ্কতা বা রুক্ষ ভাব কমে যায় নিমপাতায়। নতুন চুল গজাতেও সাহায্য করে।

আয়ুর্বেদ চিকিৎসক ও বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, নিয়মিত নিমপাতা খেলে কোষ্ঠকাঠিন্য-সহ লিভারের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। গ্যাস বা বদহজমের দীর্ঘদিনের সমস্যায় নিম উপকারী। এছাড়া রক্ত পরিশুদ্ধ করা, শরীর সুস্থ-সতেজ ও রোগমুক্ত রাখতে এটি খুবই উপকারী। শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য নিমের তুলনা হয় না।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *