অনলাইনে মাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তাব মধ্যশিক্ষা পর্ষদকে

Madhyamik Student-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাধ্যমিকের ফল অনলাইনে, এমনই প্রস্তাব পর্ষদকে। জানা গিয়েছে, অনলাইনে মাধ্যমিকের ফলপ্রকাশ করে মার্কশিট পরে দেওয়া যায় কি না, সেই প্রস্তাব নিয়ে আলোচনা চলে মধ্যশিক্ষা পর্ষদে। উল্লেখ্য, একাধিক প্রধান শিক্ষকের কাছ থেকে পর্ষদ এ বিষয়ে মতামত চেয়েছিল। এক্ষেত্রে প্রস্তাব উঠেছে, আপাতত অনলাইনে ভার্চুয়াল ফলপ্রকাশ করা হোক। আরও বলা হয়েছে, ১৫ আগস্টের পর স্কুল খুললে মার্কশিট বিতরণ করা হোক পড়ুয়াদের মধ্যে।

অন্যদিকে আরও বলা হয়, মিড-ডে মিলের ধাঁচে অভিভাবকদের হাতে আপাতত মার্কশিট তুলে দেওয়ার প্রস্তাবও উঠেছে। তবে সেটা হওয়ার সম্ভাবনা তেমন নেই। প্রসঙ্গত, বর্তমান নিয়ম অনুযায়ী, অনলাইনে ফলপ্রকাশের দিনই স্কুল থেকে মার্কশিট পেয়ে যায় পরীক্ষার্থীরা। জানা যায়, মার্কশিটের জন্য তাঁদের স্কুল খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার বৈঠকে উপস্থিত শিক্ষক তথা পর্ষদের অ্যাডহক কমিটির সদস্য দিব্যেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, ভার্চুয়াল ফলটি পেয়ে গেলে পড়ুয়ারা দুশ্চিন্তামুক্ত হবে, তাই সে ব্যাপারে কথা হয়েছে। পর্ষদের পক্ষ থেকে এই প্রস্তাব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যাবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *