প্লাস্টিক মুক্ত গ্রিন সুন্দরবনের লক্ষ্যে অভিযান

pollution and plastic

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্লাস্টিকমুক্ত হবে সুন্দরবন। এটাই লক্ষ্য। এগিয়ে চলেছে সম্রাটের সাইকেল ও সত্যেনের রিকশা। দুজনেই প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব মুক্ত করতে সচেতনতামূলক বার্তা দিয়ে চলেছেন। এমনকী বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক সংগ্রহ অভিযানে নেমেছেন। সূত্রের খবর, বিশ্ব উষ্ণায়ন রোধের বার্তা নিয়ে পায়ে টানা রিকশা চালিয়ে লাদাখ পাড়ি দিয়েছিলেন সত্যেন দাস। আবার সম্রাট মৌলিক গোটা ভারত সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় নদী, জল ও পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে সর্বত্র সাইকেল চালিয়েছেন। লিমকা বুকস অফ ন্যাশনাল রেকর্ডসে সত্যেনের নাম জুড়ে গিয়েছে। আবার সম্রাটের নাম জুড়েছে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে। সুন্দরবনের দ্বীপে দ্বীপে ঘুরে প্লাস্টিক সংগ্রহ করে চলেছেন। রয়েছে সচেতনতামূলক বার্তাও।

সূত্রের আরও খবর,দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও বারুইপুরের স্বেচ্ছাসেবী সংস্থা চাম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ কর্মসূচি প্লাস্টিক মুক্ত গ্রিন সুন্দরবনে তাঁরা অংশ নিয়েছেন। উল্লেখ করা যায়, চম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা প্লাস্টিক মুক্ত সুন্দরবনের লক্ষ্যে কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে প্লাস্টিকের বোতল সংগ্রহ করছেন। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সত্যেন দাস ও সম্রাট মৌলিক। গোসাবা ব্লকের বিভিন্ন দ্বীপে পৌঁছে প্লাস্টিকের ক্ষতিকর দিকটা তুলে ধরছেন। পরিবেশ বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তাঁরা। তাঁদের লক্ষ্য- “প্লাস্টিক মুক্ত গ্রিন সুন্দরবন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *