নারীদের সুরক্ষায় অনলাইনে- ‘তেজস্বিনী’

Tejaswini

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কলকাতা পুলিশের পক্ষ থেকে কয়েক বছর আগে রাস্তায় বিপদজনক পরিস্থিতিতে নারীদের সুরক্ষার জন্য ‘তেজস্বিনী’ প্রকল্প শুরু করা হয়েছিল। সেখানে মার্শাল আর্ট বিশেষজ্ঞরা মেয়েদের হাতেকলমে কিছু সাধারণ ও জরুরি কৌশল শেখাতেন। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসের শুরুতে ‘তেজস্বিনী’র শেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। তবে এর পরে করোনার আক্রমণ শুরু হয়। বর্তমান পরিস্থিতিতে মুখোমুখি প্রশিক্ষণে সংক্রমণের ঝুঁকিও রয়েছে। সেকারণে কলকাতা পুলিশের ‘তেজস্বিনী’ প্রকল্পটি অনলাইনে হতে চলেছে।

লালবাজার সূত্রে খবর, মহিলারা ৫ থেকে ৯ ডিসেম্বর সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত দুই ঘন্টা ভার্চুয়াল স্ব-প্রতিরক্ষা প্রশিক্ষণ নিতে পারবেন। ২ ডিসেম্বর থেকে কলকাতা পুলিশের ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। এই ভার্চুয়াল প্রশিক্ষণ মোট ২৫০ জনকে দেওয়া হবে বলে জানা যায়।
কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, হাতেকলমে প্রশিক্ষণের গুরুত্ব আলাদা। তবে আমরা যেভাবে সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে এই প্রশিক্ষণের ব্যবস্থা করছি, তাতে অন্তত ৯০ শতাংশ কৌশল আবেদনকারীরা শিখতে পারবেন। বিপদে পড়লে সেই কৌশল বাস্তবে প্রয়োগ করতেও পারবেন।
সূত্রের আরও খবর, এই প্রশিক্ষণ দেবেন মার্শাল আর্ট বিশেষজ্ঞ অভিজিৎ মিত্র। যদি আবেদনকারীর কোনও সমস্যা হয় তবে তিনি সরাসরি প্রশিক্ষকের কাছ থেকে ভার্চুয়াল পরামর্শও নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *