সচিন পাইলটের জন্মদিনে রক্ত সংগ্রহের রেকর্ড রাজস্থানে

Sachin-Birthday

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অবশেষে দলের সঙ্গে মত-পার্থক্য দূর করে ফের কংগ্রেসেই ফিরেছেন তিনি। সোমবারই পা দিলেন ৪৩ বছরে। আর তাঁর জন্মদিন উপলক্ষ্যে রাজস্থানে স্বেচ্ছায় রক্তদানের এক বিরল নজির তৈরি হল। সূত্রের খবর, সোমবার কংগ্রেস নেতা সচিন পাইলটের জন্মদিন উপলক্ষ্যে একদিনেই প্রায় ৪২ হাজার ইউনিটের বেশি রক্ত সংগ্রহ করার রেকর্ড ঘটেছে রাজস্থানে।

উল্লেখ্য, করোনাজনিত পরিস্থিতির মধ্যেও জন্মদিন উপলক্ষ্যে কোনও অনুষ্ঠানে অংশ নেননি সচিন। প্রথমে ফেসবুক লাইভের মাধ্যমেই নিজের অনুগামীদের উদ্দেশে বার্তা দেন তিনি। পরে জুম কলের মাধ্যমেই বিভিন্ন রক্তদান শিবিরে নিজের অনুগামী ও ভক্তদের সঙ্গে কথা বলেন। জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানানোর পাশাপাশি সচিন পাইলট জিন্দাবাদ স্লোগানের মাধ্যমেও প্রিয় নেতার প্রতি সমর্থন প্রকাশ করেন সচিন-ভক্তরা।

জানা গিয়েছে, করোনা পরিস্থিতির কারণে রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়ায় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল দেখা দিয়েছে। তাই এবারের জন্মদিন উপলক্ষ্যে প্রচুর রক্তদান শিবির আয়োজন করার পরিকল্পনা নিয়েছিলেন সচিন পাইলট বলে জানা যায়।

সূত্রের আরও খবর, তাঁর জন্মদিন উপলক্ষ্যে রাজস্থানের ২০০টি বিধানসভা কেন্দ্রে প্রায় ৫০০টিরও বেশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর এর মাধ্যমেই সোমবার রাত ৭টা পর্যন্ত একদিনে রেকর্ড সংখ্যক ৪২ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *