গ্রামীণ এলাকায় জল-প্রকল্প নিয়ে ভার্চুয়াল সম্মেলন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গ্রামীণ এলাকায় জল-প্রকল্প পরিচালনা নিয়ে আলোচনা শুরু করছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, গ্রামে বাড়িতে বাড়িতে পাইপ-লাইনে জল সরবরাহ প্রকল্প রূপায়ণ নিয়ে দিল্লি থেকে অনলাইনে ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে। গ্রাম পঞ্চায়েত পর্যায় পর্যন্ত এই প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সম্মেলনে অংশ নিতে বলা হয়েছে। উল্লেখ করা যায়, কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রক আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পর্যন্ত আধিকারিকদের চিঠি দেওয়া হয়েছে।
এক্ষেত্রে আরও জানা যায়, চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রকল্পটির সফল রূপায়ণের জন্য এই অনলাইন কনফারেন্সে যোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। গ্রামীণ জল সরবরাহ প্রকল্পে গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটির ভূমিকা নিয়ে আলোচনার জন্য মূলত এই অনলাইনে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সূত্রের আরও খবর, গ্রামের প্রতি বাড়িতে পাইপ-লাইনে জল সরবরাহ করার প্রকল্পটির নির্মাণ খরচ কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকার বহন করছে। প্রকল্প তৈরি হয়ে যাওয়ার পর জল সরবরাহ করার খরচ সম্পর্কে এখনও কিছু বলা হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্বেই ঘোষণা করা হয়েছিল, বাড়িতে জল সরবরাহ করার জন্য সাধারণ মানুষের কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনে জল প্রকল্প তৈরি হওয়ার পর তা চালানোর খরচ নিয়ে সেভাবে কিছু বলা হয়নি। এ বিষয়ে আরও জানা যায়, অনলাইন সম্মেলনে জল প্রকল্পগুলি পরিচালনা নিয়ে আলোচনা হতে পারে।

