৯ ফেব্রুয়ারি বর্ধমানে মাটি উৎসবের প্রস্তুতি তুঙ্গে

MATI AND UTSAB

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বর্ধমানে মাটি উৎসব। এবারও উদ্বোধনে থাকবেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। স্থানীয় সূত্রের খবর, আগামী ৯ ফেব্রুয়ারি বর্ধমানের এগ্রিকালচার ফার্মে মাটি -তীর্থ কৃষি কথা স্থায়ী মঞ্চ থেকে এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আরও জানা গিয়েছে, কৃষি কলেজের নবনির্মিত একাডেমিক ক্যাম্পাসের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও কৃষি দফতরের নবনির্মিত অফিস ও কৃষি যন্ত্রপাতির ভাড়া কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ করা যায়,বর্ধমানের এগ্রিকালচার ফার্মে প্রতি বছরই মাটি উৎসব হয়ে থাকে। নিকটস্থ মাটি-তীর্থ কৃষি কথা স্থায়ী মঞ্চ থেকেই এবারের মাটি উৎসবের উদ্বোধন হবে। এই উৎসবে পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া,বীরভূম পুরুলিয়া সহ বিভিন্ন জেলা থেকে কৃষকরা আসবেন। উপস্থিত থাকবেন স্থানীয় লোক শিল্পীরাও। মাটি উৎসব চত্বরে বিভিন্ন স্টল তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে পুরোদমে।

স্থানীয় সূত্রের আরও খবর, মাটি উৎসবের প্রস্তুতি হিসেবে উৎসব প্রাঙ্গণে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, জেলাশাসক মহম্মদ এনাউর রহমান, পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা। প্রতিবারই এই উৎসব মঞ্চ থেকে জেলার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তবে এবার কর্মসূচিতে কি কি থাকছে,তা এখনওস্পষ্ট হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *