বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনের নিয়মে বদল

Solar Power-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাধারণ মানুষকে বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দিতে রাজ্যে নিয়মের পরিবর্তন নিয়ে এল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন। এই নিয়মের আওতায় যে কেউ বাড়িতে চাইলে এক কিলোওয়াট সৌরবিদ্যুতের উৎপাদনের ব্যবস্থা করতে পারবেন। আগে সমবায় আবাসনের ছাদ ছাড়া কোনও বাড়ি বা ফ্ল্যাটে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকাঠামোর অনুমতি ছিল না। শপিং মলের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প সংস্থা ও স্কুল-কলেজ, হাসপাতালের মতো জায়গায় শুধু ন্যূনতম ৫ কিলোওয়াট বা তার বেশি মাত্রার উৎপাদনের ক্ষেত্রে অনুমতি দেওয়া হত। বিশেষজ্ঞদের মতে, এখন থেকে গৃহস্থ গ্রাহকেরাও উপকৃত হতে পারবে। কারণ, এই প্রক্রিয়ায় বিদ্যুৎ বিলের খরচ কিছুটা কমবে এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে থাকবে। সৌরবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত ব্যবসাগুলি ভবিষ্যৎ বাড়বে, ফলে প্রচুর কর্মসংস্থান হবে। সংশ্লিষ্ট মহলের যুক্তি ছিল, প্রত্যেকের বাড়িতে উৎপাদনের ছাড়পত্র দেওয়া।

সূত্রের খবর, ছাদে ছাড়াও, ন্যূনতম এক কিলোওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের প্যানেল বসানো যাবে দেওয়াল বা বাড়ির জমিতেও। তবে সেই বাড়িতে সংশ্লিষ্ট বন্টন সংস্থার যত লোড রয়েছে, সৌরবিদ্যুৎ উৎপাদন তার থেকে বেশি ক্ষমতার করা যাবে না। ওই লোড ৫ কিলোওয়াট বা তার কম হলে বিদ্যুৎ ব্যবহার ও জোগানের তফাৎ হিসেবে বিল তৈরি হবে ‘নিট মিটারিং’ পদ্ধতিতে। ৫ কিলোওয়াটের বেশি হলে হিসেব হবে ‘গ্রস মিটারিং’ পদ্ধতিতে। সৌরবিদ্যুৎ বিশেষজ্ঞের বক্তব্য, সাধারণ গ্রাহকের বেশির ভাগের লোড ২ থেকে ৫ কিলোওয়াটের মধ্যে থাকে। ফলে অনেকেই এই ব্যবস্থার সুফল পাবেন ব্যবহারকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *