সোনারপুর স্টেশন সংলগ্ন রাস্তার ফুটপাতের করুণ দশা

Sonarpur Station

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভাঙাচোরা ফুটপাত বেদখল। এর জেরে সোনারপুর স্টেশন যাওয়ার পথে জেরবার হচ্ছেন পথচারীরা। স্থানীয় সূত্রের খবর, ফুটপাত কোথাও থেকেও নেই, আবার কিছু স্থানে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। জানা যায়, কামালগাজির মোড় থেকে সোনারপুর স্টেশন যাওয়ার রাস্তার ফুটপাতের অত্যন্ত করুণ দশা। অন্যদিকে ফুটপাত না থাকায় রাস্তা দিয়েই হেঁটে চলেন পথচারীরা। এই নিয়ে ক্ষোভ বাড়ছে। এক্ষেত্রে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও আনা হয়েছে।

স্থানীয় সূত্রের আরও খবর, কামালগাজি মোড় থেকে রাস্তার দু-ধারে ফুটপাত বলে আর কিছুই অবশিষ্ট নেই। যতটুকু রয়েছে তা দিয়ে চলাফেরাও করা যায় না। স্থানীয়দের অভিযোগ, কোথাও ইমারতির দ্রব্য পড়ে রয়েছে, আবার কোথাও গাড়ি পার্কিং করা হয়েছে। আবার কারবালা বা কুমরাখালি এলাকায় ভিন্ন চিত্র। ফুটপাত চলে গিয়েছে একপ্রকার দোকানদারদের দখলে। রাস্তার দু-প্রান্তে একাধিক দোকান রয়েছে। আবার পণ্য সরবরাহ করার গাড়ি পার্কিং করা থাকে রাস্তার উপরেই। এরফলে পথচারীরা রাস্তার মাঝখান দিয়ে চলাচল করে। রাস্তার ধারে ফুটপাত থাকলেও তা দখল হয়ে গিয়েছে। চলাফেরা করতে সমস্যা বেড়েছে ব্যাপক। নিত্য-নতুন দোকান-পাট বসছে এখানে। সব মিলিয়ে নাকাল পথচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *