পুরীর শ্রী জগন্নাথ মন্দির খুলে যাওয়ার খবরে স্বস্তি

puri and jagannath

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: খুলে গেল পুরীর জগন্নাথ দেবের মন্দির। বছর শেষে ভক্তদের জন্য ভালো খবর। সূত্রের খবর, ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন মন্দির খোলা থাকবে। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র স্থানীয়দের জন্যই। করোনা আবহে দীর্ঘ নয় মাসের অপেক্ষার অবসান ঘটল। বিপর্যয় কাটিয়ে খোলা হল পুরীর জগন্নাথদেবের মন্দিরের দরজা। তবে সাধারণ ভক্তকুলকে মহাপ্রভু দর্শনের জন‍্য আপাতত আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। সমস্ত ভক্তদের জন্য জগন্নাথ দেবের মন্দির খুলে যাবে ৩ জানুয়ারি থেকে। সূত্রের আরও খবর, মন্দিরের আবহ ধাপে ধাপে স্বাভাবিক করে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। এতদিন পর্যন্ত স্বল্প সংখ্যক সেবায়েতরাই নির্ঘণ্ট মেনে দেবসেবার জন‍্য মন্দিরে প্রবেশ করতে পারতেন। উল্লেখ্য, এবার রথযাত্রার সময় ভক্তদের জন্য বন্ধই ছিল পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দরজা।
মন্দির কমিটি সূত্রের খবর,জানুয়ারি মাসের প্রথম ও দ্বিতীয় দিন মন্দির বন্ধ রাখা হবে। তারপর ৩ জানুয়ারি থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে জগন্নাথ দেবের মন্দিরের দরজা। প্রথম সপ্তাহে প্রতিদিন ৫ হাজার করে দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করার পর দর্শনার্থীর সংখ‍্যা ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরীর জগন্নাথ দেবের মন্দির কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে,এখনও করোনা বিধি মেনেই জগন্নাথ দেবের দর্শন করতে হবে দর্শনার্থীদের। প্রত্যেকের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার। মেনে চলতে হবে শারীরিক দূরত্ব বিধিও। ভক্তদের জন্য মন্দির খুলে যাওয়ার খবরে স্বস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *