শিয়ালদহ- হাওড়া ডিভিশনে চলবে অতিরিক্ত স্টাফ স্পেশ্যাল ট্রেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আরও ৬৫টি স্টাফ স্পেশ্যাল ট্রেন চলবে। এবার স্পেশ্যাল মেট্রোয় ছাড় দেওয়া হচ্ছে সাংবাদিকদের। রেল সূত্রের খবর,শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে মোট ৬৫টি অতিরিক্ত স্টাফ স্পেশ্যাল চালানো হবে। রাজ্যে আবারও লকডাউন বাড়ানো হয়েছে আগামী ৩০ জুন পর্যন্ত। কিছু ক্ষেত্রে শিথিল করা হলেও রাজ্যে কড়া বিধিনিষেধ বলবৎ থাকবে ৷ রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এই ঘোষণা করেছিলেন নবান্ন থেকে ৷
রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় ,রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো সহ সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু হবে না ৷ তবে পূর্বের মতোই চলবে স্টাফ স্পেশ্যাল ট্রেন ৷ এবার স্টাফ স্পেশ্যালের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে বলে খবর। উল্লেখ করা যায়,করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর লোকাল ট্রেন পরিষেবা ফের বন্ধ হয় ।
এক্ষেত্রে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য দুই ডিভিশনে রেলকর্মীদের জন্য চলছিল ৩৪২টি স্টাফ স্পেশ্যাল ট্রেন। পরবর্তীতে রাজ্যের স্বাস্থ্য, ব্যাঙ্ক , হাই কোর্ট, বিএসএনএল-সহ কয়েকটি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই ট্রেন চড়ার অনুমতি পেয়েছিল। তার জন্য ভিড় বাড়তে থাকে ওইসব ট্রেনগুলিতে। করোনা আবহে রাজ্যের সিদ্ধান্ত মতো লোকাল ট্রেন বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে আরও জানা যায়,ট্রেনের উপর চাপ বাড়তে থাকায় ৬৫টির মধ্যে শিয়ালদহে ৪০টি ও হাওড়া শাখায় ২৫টি ট্রেন বাড়ছে। ৩৪২টির পরিবর্তে ৪০৭টি স্টাফ স্পেশ্যাল চালানো হবে দুই ডিভিশন মিলিয়ে । অন্যদিকে নতুন নির্দেশিকায় জানানো হয়, স্বাস্থ্যকর্মীদের জন্যে স্পেশাল বাস চালানো হচ্ছে। ওই স্পেশাল বাস চালানো হচ্ছে পুর, পুলিশ, নবান্ন ও মহাকরণে যাতায়াত করা কর্মীদের জন্য।
এক্ষেত্রে বাসের সংখ্যাও বাড়ানো হলে সুবিধা হবে যাত্রীদের,এমনই মত। উল্লেখ্য,বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্যের ওপর চাপ বাড়িয়ে চলেছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। এ বিষয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে খবর।

