নিউটাউনে প্লাস্টিকমুক্ত করতে পদক্ষেপ

CB COMMUNITY MARKET

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দূষণ কমাতে বসছে স্বয়ংক্রিয় ডাস্টবিন। নয়া উদ্যোগ নেওয়া হল নিউটাউনে। বাজারগুলিকেও প্লাস্টিকমুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করা হল। প্ল্যানড এবং স্মার্ট সিটি নিউটাউন। তাকে একেবারে ‘দূষণমুক্ত’ করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অর্থরিটি (এনকেডিএ)।

এনকেডিএ-র অধীনে থাকা বাজারগুলির মধ্যে একটি বাজার হল অ্যাকশন এরিয়া-১ এর সিবি ব্লক কমিউনিটি মার্কেট। সংশ্লিষ্ট বাজারটি পুরোপুরি প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই বাজারে সমস্ত ধরণের প্লাস্টিকের ব্যবহার ঠেকানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে প্লাস্টিকের বিকল্প জিনিসের ব্যবস্থা করা হবে। একইসঙ্গে দূষণ কমাতে নিউটাউনের রাস্তাতেই বসতে চলেছে স্বয়ংক্রিয় ডাস্টবিন।


স্থানীয় সূত্রে খবর, নিউটাউন কর্তৃপক্ষর অধীনে মোট ১০টি বাজার রয়েছে। এদের মধ্যে কয়েকটি বাজার চিহ্নিত করা হয়েছে। তবে প্রাথমিকভাবে প্লাস্টিক বর্জিত বাজার হিসেবে পরীক্ষা-নিরীক্ষা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, নিউটাউনের সিবি ব্লকের বাজারে আপাতত ২৭ টি দোকান রয়েছে। এক্ষেত্রে দোকানের মালিকদের উদ্দেশ্যে এনকেডিএ জানিয়েছে, বাজারে প্লাস্টিক দিয়ে তৈরি কোনও সামগ্রী ব্যবহার করা যাবে না। তার বদলে কাগজ বা পাটের ব্যাগ ব্যবহার করার কথা বলা হয়েছে। পাশাপাশি এলাকা পরিষ্কার রাখতে অত্যাধুনিক প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভিন্ন জায়গায় ডাস্টবিন বসানোর পরিকল্পনা করছে এনকেডিএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *