স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ১০০ দিনের কাজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে শুরু হতে চলেছে ১০০ দিনের কাজ। মাস্ক নিয়ে মুখ ঢেকে তবেই হবে কাজ। জীবিকা অর্জনের সঙ্গে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলাটাও এখন আবশ্যিক কর্তব্য। জানা গিয়েছে, মাস্ক পরে এই রাজ্যে শুরু হচ্ছে ১০০ দিনের কাজ। লকডাউনের মধ্যেই ছাড়ের নির্দেশাবলি গতকাল প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। তাতে ১০০ দিনের কাজের প্রকল্পও রয়েছে। এক্ষেত্রে সোশ্যাল ডিস্ট্যান্সিং, মাস্কের ব্যবহার ও সাবান দিয়ে বার বার হাত ধোয়া-সহ বেশ কিছু নিয়ম অনুসরণ করার কথাও বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করে দেওয়া হচ্ছে। অনেক মানুষ কাজ চাইছেন। মানুষ খুব সমস্যায়। এই কাজ শুরু হলে মানুষ একটু রিলিফ পাবে। এ প্রসঙ্গে তিনি আরও জানালেন, কেন্দ্রীয় সরকার নির্দেশিকা প্রকাশ করেছে, সেখানে আপাতত বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে সেচ প্রকল্প ও জল সংরক্ষণের প্রকল্পের উপর। সেচ ও জল সংরক্ষণে কেন্দ্রের ও রাজ্যের যতগুলি প্রকল্প রয়েছে, সেই সব প্রকল্পকে এখন ১০০ দিনের কাজের অধীনে এনে কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নির্দেশাবলি অনুযায়ী জানা গিয়েছে, ১০০ দিনের কাজের শ্রমিক থেকে সুপারভাইজার, সব স্তরে মাস্ক ব্যবহার করতে হবে।

