জলোচ্ছ্বাসে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার বায়ুসেনার

Air Force

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ছত্তিশগড়ের বিলাসপুরে বাঁধের প্রবল জলোচ্ছ্বাসে তলিয়ে যাওয়ার হাত থেকে এক যুবককে রক্ষা করল ভারতীয় বায়ুসেনা। সূত্রের খবর, বায়ুসেনার বিশেষ দল উদ্ধার করেছে ওই যুবককে। পুলিশ সূত্রে খবর, ৩৪ বছর বয়সী ওই যুবকের নাম জিতেন্দ্রকুমার কাশ্যপ। সে বিলাসপুরের বাসিন্দা। স্থানীয় খুটাঘাট বাঁধে স্নান করতে নামলে আচমকা জলের তোড়ে তলিয়ে যেতে থাকে জিতেন্দ্র।

স্থানীয় সূত্রে খবর, বুদ্ধি খাটিয়ে উঁচু একটি পাথরের চাঁইয়ে উঠে গাছের ডাল ধরে দাঁড়িয়ে থাকে সে। পুলিশের কাছে খবর গেলে, তড়িঘড়ি রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর, এনটিপিসি ও এসইসিএল-এর সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর একযোগে শুরু হয় উদ্ধার অভিযান। জলের বেগও ক্রমশ বাড়তে থাকায় উপায় না দেখে বিলাসপুর পুলিশ ভারতীয় বায়ুসেনার শরণাপন্ন হয়। খবর পেয়েই সেনার একটি বিশেষ উদ্ধারকারী দল হেলিকপ্টারে করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।

এরপর উদ্ধার বাহিনীর এক সদস্য প্রাণের ঝুঁকি নিয়ে নামার চেষ্টা করলে, খারাপ আবহাওয়ার জেরে সেই পরিকল্পনাও ভেস্তে যায়। অগত্যা অনেক কসরতের পর হেলিকপ্টার থেকে শক্তপোক্ত কেবল ছুঁড়ে তাঁরা জিতেন্দ্রকে টেনে তোলেন। সারা রাত ধরে চলে উদ্ধারকার্য।

অন্যদিকে গোটা ঘটনার একটি ছোট্ট ভিডিও ট্যুইটারে আপলোড করে বিলাসপুর রেঞ্জের আইজিপি দীপাংশু কাবরা লেখেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বায়ুসেনা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য আমাদের পক্ষ থেকে টিমের প্রত্যেককে কুর্নিশ জানাই। পাশাপাশি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও উদ্ধারকাজের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *