বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল জাতীয় তদন্তকারী সংস্থা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করে দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ এবং কেরল বিভিন্ন জায়গা থেকে মোট ৯ জন আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা ৷ এরমধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ এবং কেরলের এর্নাকুলাম থেকে ৩ জন আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করা হয়।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত ওই জঙ্গিদের থেকে একাধিক নথি, ডিজিটাল ডিভাইস, ধারাল অস্ত্র, দেশি বোমা, বন্দুক, জেহাদি বইপত্র ও বিস্ফোরক তৈরির বই উদ্ধার হয়েছে। পাশাপাশি পাওয়া গিয়েছে একাধিক সিমকার্ডও। অনুমান করা হচ্ছে, মূলত অর্থ সংগ্রহের দায়িত্বে ছিল এই জঙ্গিরা। সঙ্গে তারা হামলার ছকও বানাতো বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযুক্তরা পাকিস্তানে আল কায়েদার নেতাদের সঙ্গে যোগাযোগ রাখত বলে ধারণা করা হচ্ছে। দিল্লি সহ দেশের একাধিক শহরে হামলার ছক ছিল এদের।
তদন্তকারী সংস্থা সূত্রে আরও খবর, গোপন সূত্রে আল কায়েদা মডিউলের তথ্য পেয়ে দিল্লি থেকে কলকাতায় আসেন তদন্তকারী সংস্থার ১২ জনের একটি দল। এরপর ৪টি গাড়িতে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন তারা। শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের একাধিক জায়গায় খোঁজ চালিয়ে আল কায়েদা জঙ্গি সন্দেহে ৬ জনকে গ্রেফতার করে এনআইএ। তদন্তকারী সংস্থাটি শনিবার মালদহ ও মুর্শিদাবাদের একাধিক জায়গা ফের তল্লাশি চালাবে বলে জানা গিয়েছে।
তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, মুর্শিদাবাদ থেকে ধৃতদের নাম হল নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল ও আতিউর রহমান। অন্যদিকে কেরলের এর্নাকুলাম থেকে ধৃত জঙ্গিরা হল মুর্শিদ হাসান, ইয়াকুব বিশ্বাস ও মোশারেফ হোসেন। এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে একাধিক হামলা চালানোর উদ্দেশে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক মজুত করেছিল এই জঙ্গিরা।

