কাঁকুরগাছি মোড়ে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: ফুলবাগান কাঁকুরগাছি মোড়ে সমবায় সমিতির উদ্যোগে পালিত হল বৃক্ষরোপণ উৎসব। সূত্রের খবর, এদিন বিধায়ক পরেশ পালের উদ্যোগে প্রায় ৫০০টি গাছ লাগানো হয়। এই বৃক্ষরোপণ উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা, বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও মন্ত্রী তাপস রায় সহ অন্যান্য কাউন্সিলররা। জানা যায়, তৃণমূল কংগ্রেস কর্মীরা লকডাউনের নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান পালন করেন।
উল্লেখ্য, আম্ফান ঝড়ের কারণে প্রচুর গাছের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বৃক্ষরোপণ করার কথা। এদিন বিধায়ক পরেশ পাল জানান, এক মাসের মধ্যে সমস্ত গাছ লাগানো হবে। পাশাপাশি তিনি আরও জানান, শুধু গাছ লাগালেই হবে না, গাছের রক্ষণাবেক্ষণ করতে হবে আমাদের। এছাড়া বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর সবুজ ধ্বংস হয়েছে এবং সেই কারণে সরকারের পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। এই উদ্যোগ সবাইকে নিতে হবে। এটি খুব ভাল উদ্যোগ।
অন্যদিকে, মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে। বিশ্ব পরিবেশ দিবসে আমরা উদ্যোগ নিয়েছিলাম যেখানে যেখানে সবুজ ধ্বংস হয়েছে সেখানে আবার গাছ বসানোর। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কাকুরগাছিতে বৃক্ষরোপণ কর্মসূচি হল। সবুজ বাঁচলে প্রকৃতি বাঁচবে। আর প্রকৃতি বাঁচলে বাঁচবে মানুষ। এটাকে সামনে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।

