এবারের নীট দিতে পারলেন না বিহারের এক পরীক্ষার্থী

bihar

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: আজ সর্বভারতীয় নীট পরীক্ষা শুরু। তবে এবছর পরীক্ষা দিতে পারলেন না বিহারের এক পরীক্ষার্থী। সূত্রের খবর, নীট পরীক্ষা দেওয়ার জন্য গতকাল সকালে বিহারের দারভাঙ্গার বাসিন্দা সন্তোষ কুমার যাদব বাসে রওনা দিয়েছিলেন। তাঁর সিট পড়েছিল সল্টলেক এপিজে স্কুলে। তবে পাটনায় রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে প্রায় ৬ ঘণ্টা আটকে পড়েছিল ওই যুবক। সূত্রের আরও খবর, আজ দুপুর ১টা নাগাদ বাসে করে আরজি কর হাসপাতালের কাছে নেমে, সেখান থেকে ট্যাক্সি ধরে সল্টলেক এপিজে স্কুলে পরীক্ষা শুরু হওয়ার ১৪ মিনিট আগে এসে পৌঁছয়।

জানা গিয়েছে, দেরি করে আসার কারণে যখন সে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে চায়, নিরাপত্তারক্ষীরা তাকে ঢুকতে বাধা দেয়। এরপর ওই যুবক বিধাননগর পূর্ব থানার পুলিশ আধিকারিকদের পুরো বিষয়টি জানায়। পুলিশ সূত্রে খবর, এরপর বিধাননগর পূর্ব থানার পুলিশ প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন। তবে প্রিন্সিপাল স্পষ্ট জানিয়ে দেন, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। তবেই ঢুকতে দেওয়া হবে। এই নিয়ম থাকার কারণে পুলিশের আপ্রাণ চেষ্টার পরেও ওই পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *