এবার গ্রামীণ রাস্তায় ভারি গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা

India-overloaded-truck

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার গ্রামীণ রাস্তায় ভারি গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নির্দেশ অমান্য করলে পুলিশকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিলেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ, গ্রামীণ রাস্তাতে রাতের অন্ধকারে ভারি গাড়ি প্রবেশ করছে। আর তার ফলে রাস্তার বেহাল দশা হচ্ছে। স্থানীয়দের এই বিষয়ে নজর দিতেও অনুরোধ করেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল বা ‘দিদি কে বলো’-তে অভিযোগ জানাতে পারেন। অন্যদিকে তিনি আরও জানিয়েছেন, যিনি রাস্তা তৈরি করবেন, তাঁকে ৩ বছর রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে।

উল্লেখ্য, পূর্বে বিভিন্ন রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাস্তার দুর্দশার জন্যে দায়ী করছেন ভারি গাড়িকে। ওভারলোডিং বন্ধ করে দ্রুত রাস্তার হাল ফেরানোরও নির্দেশ দিয়েছেন। অন্যদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অভিযোগ, তারা বহুবার ওভারলোডিং নিয়ে সরব হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ফলে রাস্তার হাল বেহাল হয়ে যাচ্ছে। প্রসঙ্গত, মোটর ভেহিক্যালস নিয়মানুযায়ী ৬ চাকার লরিতে ৯ টন মাল বহন করা যায়। ১০ চাকার লরিতে বহন করা যাবে ১৬ টন মাল। অন্যদিকে ১২ চাকার লরিতে ২১ টন এবং ১৪ চাকার লরিতে ২৫-৩০ টন মাল বহন করা যাবে।

এক্ষেত্রে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আরও অভিযোগ, লরি মালিকরা নিয়ম না মেনে গাড়ি ওভারলোডিং করছে। ফলে রাস্তায় তৈরি হচ্ছে খানাখন্দ। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গ্রামীণ রাস্তায় ভারি গাড়ি প্রবেশ করতে না দেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩ বছর রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলে সমস্যা অনেকটাই কমবে আশা করছেন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *