এবার কলকাতা স্টেশনের আমূল বদল

kolkata-station

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রেল যাত্রার দীর্ঘ ধকল আর সহ্য করতে হবে না। এবার একাধিক টার্মিনাল স্টেশনগুলিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক ব্যবস্থা। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনের ওপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত। দূরপাল্লার ট্রেন চলাচল শিয়ালদহের বদলে পুরোপুরি ভাবে কলকাতা স্টেশন থেকে করার ভাবনা রয়েছে পূর্ব রেলের।

এবার সেই অত্যাধুনিক ব্যবস্থা তৈরি হল কলকাতা স্টেশনেও। সূত্রের খবর, কলকাতা স্টেশনে লকডাউনের মধ্যেও চলছে পুরোদমে কাজ। আর তাতেই সম্পূর্ণ হল কলকাতা স্টেশনের লাউঞ্জ এরিয়া। আধুনিক এই লাউঞ্জে গেলে মনে হবে আপনি যেন বসে রয়েছেন কোনও বিমানবন্দরের লাউঞ্জে। যেখানে থাকছে রিক্লাইনার, ম্যাসেজ চেয়ার। পাশাপাশি থাকছে ফিস-স্পা, শ্যালনও। সূত্রের আরও খবর, লকডাউনের পর রেল চলাচল স্বাভাবিক হলেই এই স্পেশাল লাউঞ্জ যাত্রীদের জন্যে খুলে দেওয়া হবে।

রেল সূত্রে আরও খবর, এখানে থাকছে মোট ৯টি শয্যা, ৭টি রিক্লাইনার চেয়ার। সেখানে আপনার সুবিধা মতো রিলাক্স করতে পারবেন। এছাড়া থাকছে মহিলা ও পুরুষদের জন্যে আলাদাভাবে স্নানের ব্যবস্থা। এছাড়া থাকছে বেবি ফিডিং রুমও। সবটাই শীতাতপ নিয়ন্ত্রিত। পাশাপাশি থাকছে ফিস-স্পা, শ্যালন। তবে এক্ষেত্রে মানতে হবে সামাজিক দুরত্ব। অন্যদিকে থাকছে ম্যাসেজ চেয়ারও। এই লাউঞ্জে পাবেন রেলের কামরার আদলে তৈরি ফুড স্টল। পাশাপাশি মিলবে বাচ্ছাদের জন্যে গেম পার্লার ও বড়দের জন্যে লাইব্রেরি।

উল্লেখ্য, কলকাতা স্টেশন থেকে বাংলাদেশ যাওয়ার জন্য বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ছাড়ে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার একাধিক ট্রেনও ছাড়ে এই স্টেশন থেকে। ফলে দুরপাল্লার ট্রেনের যে সমস্ত যাত্রীরা এখানে আসেন তাঁদের থাকার তেমন বন্দোবস্ত নেই। এই জন্যই এই অত্যাধুনিক ‘সফর’ লাউঞ্জের ব্যবস্থা বলেই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *