ইউজিসি-র পাঠ্যক্রমে করুণা ও ধর্মের পাঠ

UGC-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রেম ও ধর্মের পাঠ দিতে পাঠ্যক্রম ইউজিসি-র। প্রেম, ধর্ম ও করুণা সম্পর্কিত বিষয়ে পাঠ নেবেন কলেজ পড়ুয়ারা। উল্লেখ করা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্নাতক স্তরের পড়ুয়াদের ‘সফট স্কিল’ বাড়ানোর জন্য ‘লাইফ স্কিল’ (জীবন কৌশল)-এর উপর একটি পাঠ্যক্রম তৈরি করেছে।

ইউজিসি-র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পড়ুয়াদের যোগাযোগের দক্ষতা, পেশাগত দক্ষতা, নেতৃত্ব দান ও পরিচালনার দক্ষতা এবং মানবিক মূল্যবোধ বাড়ানোর লক্ষ্যেই তৈরি হয়েছে এই পাঠ্যক্রম। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, তাতে রয়েছে প্রেম, ধর্ম ও করুণা নিয়ে পরিচ্ছেদ। মানবিক মূল্যবোধের অংশ হিসেবে সেগুলি পড়ানো হবে বলে জানানো হয়েছে।

সূত্রের খবর, এই ‘জীবন কৌশল’ শিক্ষকেরা কীভাবে পড়াবেন, ইউজিসি-র ওয়ার্কিং গ্রুপ তার একটি খসড়াও তৈরি করেছে। ওই খসড়ায় উল্লেখ করা হয়েছে, প্রেম বলতে অনেকেই রোম্যান্টিক সম্পর্ক বা কামনা-বাসনা মনে করেন। তাই প্রেমকে এবার পড়ুয়াদের কাছে দয়া, সহমর্মিতা ও করুণা হিসেবে তুলে ধরবেন শিক্ষক মহল। পড়ুয়াদের তা বোঝানোর জন্য দেওয়া হবে গৌতম বুদ্ধ ও যিশু খ্রিস্টের উদাহরণ।

এমনকী ধর্মশিক্ষারও প্রয়োজন রয়েছে বলে ওই খসড়ায় উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ধর্মকে ব্যাখ্যা করা হয়েছে সঠিক আচরণ হিসেবে। নৈতিক আচরণ, ভাল কাজ করা, ভাল দেখা ও ভাল থাকা- এই বিষয়গুলি পড়ানো হবে ধর্মের পরিচ্ছেদে। পাশাপাশি ত্যাগ, অহিংসা, শান্তি ও সেবাও পাঠ্যক্রমে রয়েছে। আবার পড়ুয়াদের যোগাযোগ দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে ‘ডিজিটাল লিটারেসি’-র উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে আরও জানা যায়, সোশ্যাল মিডিয়ার কার্যকরী ব্যবহারও শেখানো হবে তাঁদের। ‘ডিজিটাল লিটারেসি’-র ক্ষেত্রে ডেটা-সুরক্ষা ও ভুয়ো ডেটাকে সামলানোর মতো বিষয়গুলি পড়ানো হবে। প্রাথমিকভাবে ইন্টারনেট ব্যবহারের পাঠ দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার কীভাবে করতে হবে, তারও বিষয় শেখানো হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুফল সম্পর্কেও বোঝানো হবে পড়ুয়াদের। আবার শেখানো হবে ডিজিটাল বিপণনের কৌশলও। পেশাগত প্রশিক্ষণের ক্ষেত্রে ইন্টারভিউ ও প্রেজেন্টেশনের দক্ষতা বাড়ানোর কৌশল শেখানো হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *