প্রয়াত হলেন বর্ষীয়ান কোচ অশোক মুস্তাফি

ashoke-mustafi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বর্ষীয়ান কোচ অশোক মুস্তাফি (৮৬)। তাঁর বড় পরিচয় তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম কোচ। সৌরভকে ক্রিকেটে হাতেখড়ি করানোর নেপথ্যে তাঁর ভূমিকা ছিল। সল্টলেকে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বাংলার হয়ে দুটি রঞ্জি ম্যাচ খেলেছেন অশোক মুস্তাফি। বিএনআর ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছেন। পরে কোচিং জীবন শুরু করেন। ১৯৯২ সালে দুখীরাম ক্রিকেট কোচিং সেন্টার থেকে সরে এসে হাওড়া ইউনিয়নে ক্রিকেট কোচিং করিয়েছেন। ২০০০ সালে ময়দান থেকে সরে এলেও সল্টলেকে একটি ক্রিকেট কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হয়েছিলেন।

ছোটবেলায় দুখীরাম ক্রিকেট কোচিং সেন্টারে তাঁর হাত ধরেই ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল সৌরভের। উল্লেখ্য, সত্তর দশকে তৈরি হয়েছিল দুখীরাম ক্রিকেট কোচিং সেন্টার। এখান থেকেই অনেক ক্রিকেটার বাংলার হয়ে রঞ্জি খেলেছেন। বাংলার ক্রিকেটার তুলে আনার নেপথ্যে এই কোচিং সেন্টারের ভূমিকা অনেকটাই। দুখীরাম কোচিং সেন্টারে প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন তিনি। বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মেয়ে ইংল্যান্ডে থাকায় মরদেহ রাখা হয়েছে পিস হাভেনে।

সূত্রের খবর, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে ভর্তি করতে উদ্যোগী হন সৌরভের বাল্যবন্ধু সঞ্জয় দাস। তাঁর থেকেই অশোক মুস্তাফির অসুস্থতার খবর পেয়ে পাশে থাকার আশ্বাস দেন সৌরভ। কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। এরপর বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার ভোরে প্রয়াত হয়েছেন এই বর্ষীয়ান কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *