অবৈধ পাখি বিক্রি চক্রে আটক ২
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বাসের মধ্যে থেকে উদ্ধার হল প্রচুর চান্দনা-টিয়া পাখি। এই ঘটনায় আটক দুই। জানা গিয়েছে, রাচি থেকে বাবুঘাটে আনা হচ্ছিল এই পাখিগুলিকে। বাসের ডিকির মধ্যে থেকে উদ্ধার করা হয় এই পাখিগুলিকে। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল বাসটিকে আটক করে।
সূত্রের খবর, গতকাল রাতে গোপন সূত্র মারফৎ জানতে পারা যায় যে, রাচি থেকে একটি বাস বাবুঘাটে আসছে এবং সেই বাসের ডিকির মধ্যে প্রচুর টিয়া পাখি রয়েছে। সেই সূত্র ধরে আজ ভোর বেলায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা বাবুঘাটে ওত পেতে থাকে। বাসটি বাবুঘাটে আসতেই ঘিরে ফেলে তল্লাশি চালানো হয় বাসটির। বাসের ডিককির মধ্যে থেকে ২৫০টি চান্দনা-টিয়া পাখি উদ্ধার করে আধিকারিকরা।
এর পরেই বাসের চালক নারায়ণ সিং ও খালাসি তফিক আলমকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এই পাখিগুলি কলকাতার বিভিন্ন প্রান্তে বিক্রির জন্য যাওয়ার কথা ছিল। তবে কে বা কারা এই পাখি কিনতো এবং আর কার কাছ থেকে আনা হয়েছে তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে বাসটিকেও আটক করা হয়েছে বলে জানা যায়।

