নজরকাড়া কেন্দ্র : শিবপুর বিধানসভা
একদিকে অভিনেতা রুদ্রনীল। অন্যদিকে শিশু চিকিৎসক রানা চ্যাটার্জী। এবার জমজমাট লড়াই ১৭২ শিবপুর বিধানসভায়।
ইতিমধ্যেই নজরকাড়া কেন্দ্র হয়ে উঠেছে হাওড়ার এই বিধানসভা আসনটি। হাওড়া সদর লোকসভা কেন্দ্রের একটি অন্যতম বিধানসভা শিবপুর কেন্দ্রটি। শুরুতেই জানিয়ে রাখি এই কেন্দ্রটিতে গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ক্রিকেটার মনোজ তেওয়ারি জয়ী হয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯২,৩৭২টি। অন্যদিকে পরাজিত বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ভোট পেয়েছিলেন ৫৯,৭৬৯টি। বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য ভোট পান ২৪৯৭০টি ভোট। নির্বাচনী প্রচারের মাত্রা এখন এই বিধানসভায় তুঙ্গে। এবার এই কেন্দ্রের ভোটযুদ্ধে নেমেছেন যে সব প্রার্থী তাঁরা হলেন-টিএমসি প্রার্থী ডাঃ রানা চ্যাটার্জি,বিজেপি প্রার্থী বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ,অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য ও জাতীয় কংগ্রেস প্রার্থী শ্রাবন্তী সিংহ প্রমুখ।
এবার একটু নজর দেওয়া যাক, হাওড়া সদর লোকসভা কেন্দ্রটিতে যে ৭টি বিধানসভা রয়েছে তার তালিকা। (১) শিবপুর (২) বালি (৩) হাওড়া উত্তর (৪)হাওড়া মধ্য (৫) হাওড়া দক্ষিণ (৬)সাঁকরাইল ও (৭)পাঁচলা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে চোখ রাখা যাক। গত লোকসভা নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জী ভোট পান ৬,২৬,৪৯৩ টি ভোট। বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ভোট পেয়েছিলেন ৪,৫৭,০৫১টি। পাশাপাশি সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী-র প্রাপ্ত ভোট ছিল ১,৫২,০৫টি। সব মিলিয়ে ভোটের বাজার গরম। তাপমাত্রার পারদ যত বাড়ছে, শিবপুরের ভোট উত্তেজনাও ততোধিক বেড়ে চলেছে। তৃণমূল প্রার্থীকে জোর টক্কর দিতে বিজেপি প্রার্থী রুদ্রনীল এই কেন্দ্রের অলি-গলি চষে ফেলছেন। ঘাসফুল ও পদ্মফুলের ভোটযুদ্ধ যে চরমে তার আন্দাজ পাচ্ছেন শিবপুরের স্থানীয় মানুষ। ভোট প্রচারে প্রার্থীদের ইস্যু শিবপুরের উন্নয়ন আর অনুন্নয়ন। দুই ভুমিপুত্রের ভোটযুদ্ধে রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখ থাকছেই। মূলত দুই ফুলের লড়াই যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে তার ইঙ্গিত দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভোট আসরে অনেকটাই পিছিয়ে বাম ও কংগ্রেস শিবির। তবে ৪ মে স্পষ্ট বোঝা যাবে এই নজরকাড়া কেন্দ্রে কার দিকে পাল্লা ভারী?

