Walmart behind the woman farmarsOthers 

দেশের মহিলা কৃষকের পাশে ওয়ালমার্টের প্রচেষ্টা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দেশের মহিলা কৃষকদের মান উন্নত করতে তথা কৃষি উৎপাদন বাড়াতে এগিয়ে এল ওয়ালমার্ট। বিশেষ করে কৃষকরা যাতে সঠিক দামে তাঁদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে পারেন তা নিশ্চিত করার জন্য আর্থিক ভাবে সাহায্য করবে ওয়ালমার্ট। ওয়ালমার্ট ফাউন্ডেশন ভারতে কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য প্রায় ৩৩ কোটি টাকার দুটি নতুন আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছে। ট্যানেজার ও প্রদান নামে দুটি এনজিও-র মাধ্যমে কৃষকদের কৃষি উৎপাদন বাড়ানো হবে বলে জানা যায়।

অনুদান প্রকল্প দুটির মূল লক্ষ্য হল- অন্যান্য কৃষি উৎপাদনকারী সংস্থার (এফপিও) মাধ্যমে মহিলা কৃষকদের কৃষি উৎপাদনের সম্ভাবনা আরও বৃদ্ধি করা। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ট্যানেজার অন্ধ্রপ্রদেশে বাজারের চাহিদা অনুযায়ী কৃষিপণ্য উৎপাদন করে কৃষকদের সহায়তা করতে প্রায় ১৮ কোটি টাকা অনুদান পাবে। অপর দিকে, দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রদান’ ঝাড়খন্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গে মহিলা কৃষকদের বাজার ধরতে সহায়তা করার জন্য প্রায় ১৩ কোটি টাকা অনুদান পাবে বলে জানিয়েছে ওয়ালমার্ট ফাউন্ডেশন।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার আদিবাসী মহিলা কৃষকদের প্রায় ১৪ হাজার পরিবার এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন। এই দুটি অনুদান প্রকল্পের ঘোষণা করার পর ওয়ালমার্ট ফাউন্ডেশন ভারতে প্রায় ১০০ কোটি টাকা লগ্নি করেছে বলে জানা যায়। যার ফলে উপকৃত কৃষকের সংখ্যা ১.৪ লক্ষেরও বেশি ও এদের মধ্যে প্রায় ৮০ হাজার মহিলা। উল্লেখযোগ্য, ওয়ালমার্ট ২০১৮ সালে ভারতে কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নে ৫ বছরে ১৮০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছিল। এ প্রসঙ্গে ওয়ালমার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ক্যাথলিন ম্যাকলঘলিন বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারী ভারতের কৃষকদের জন্যও বিরাট সমস্যার সৃষ্টি করেছে। বিশেষ করে মহিলা কৃষকদের আয় দ্রুত কমে গিয়েছে। সেইজন্যই চাষীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে তাঁদের সহায়তা দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

Related posts

Leave a Comment