প্রয়াত হলেন ফ্যাশন জগতের নামী ব্যক্তিত্ব শর্বরী দত্ত

Sarbari Dutta

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন ফ্যাশন জগতের নামী ব্যক্তিত্ব শর্বরী দত্ত। জানা গিয়েছে, দেশের অন্যতম সেরা এই ফ্যাশন ডিজাইনারের অস্বাভাবিক মৃত্যু হল। সূত্রের খবর, গতকাল গভীর রাতে ব্রড স্ট্রিটের বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয় তাঁর দেহ। কেবলমাত্র মহিলাদের পোশাকের ক্ষেত্রই নয়, পুরুষদের পোশাকের পরিধিতেও ছিল তাঁর সমান দক্ষতা। গোটা দেশে বাঙালির ধুতিকে জনপ্রিয় করার নেপথ্যে ছিলেন তিনিই।

পরিবার সূত্রে খবর, গতকাল সকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যায়নি। তিনি কোনও কাজে বেরিয়েছেন এমনই মনে করেছিলেন পরিবারের লোকজন। শর্বরীর ছেলে অমলিন দত্ত জানিয়েছেন, রাতেও মা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। এরপর রাত সাড়ে ১১টা নাগাদ বাথরুম থেকে উদ্ধার হয় শর্বরী দত্তকে। খবর পাঠানো হয় পরিবারিক চিকিৎসককে। পরে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশে খবর দিলে কড়েয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি শর্বরীর অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা।

অমলিন দত্ত জানিয়েছেন, তাঁরা বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার ফলে মায়ের সঙ্গে দিনের পর দিন দেখা হত না। হয়তো রাতে খাওয়ার টেবিলে একবার সাক্ষাৎ হত। ফলে সকাল থেকে তাঁকে দেখতে না পেয়ে পরিবারের কেউ অস্বাভাবিক কিছু ভাবেননি। পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শর্বরীর মৃত্যুর কারণ কী তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *