ঘাটাল-হরিসিংহপুর জলাশয়ে পরিযায়ীদের কলরব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শীত শুরুর আগেই পশ্চিম মেদিনীপুর ঘাটালের হরিসিংহপুর পার্কের নিকটে জলাশয়ে হাজার হাজার পরিযায়ী পাখি হাজির হয়েছে। সকাল-বিকাল তাদের কলরবে এলাকা সরগরম।স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছর ধরে শীতের শুরু থেকেই এই পথে আসছে পরিযায়ীর দল। তবে এবার পাখির সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। পক্ষী বিশেষজ্ঞরা বলেছেন, করোনা আবহে মানুষজন ও গাড়ির সংখ্যা কম থাকায় পরিবেশ অনেক বেশি শান্ত-নির্জন। হয়তো সে কারণেই পাখির সংখ্যা বেড়েছে। তবে পাখিরা যাতে বিরক্ত না হয় বনকর্মীরা সেদিকে নজরও রেখেছেন।
স্থানীয় সূত্রে আরও খবর, ঘাটাল পৌরসভার পক্ষ থেকে জলাশয়ের পাশে বোর্ড বসিয়ে একই বার্তা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি আকারে বলা হয়েছে, ‘পাখিদের বিরক্ত করবেন না। তাদের শান্তিতে থাকতে দিন। পাখি দেখুন, আনন্দ উপভোগ করুন।’ ঘাটাল পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পাখিদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য পৌরসভা নজর রাখছে। আবার পৌরসভা শিকারীদের পাখি শিকার না করার অনুরোধও করছেন। পাশাপাশি কেউ যদি পাখিদের বিরক্ত করে তবে স্থানীয়রাও হস্তক্ষেপ করছেন। এক্ষেত্রে আরও জানা যায়, হাওড়া, মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, পূর্ব মেদিনীপুর সহ অনেক জায়গা থেকে পাখিপ্রেমীরা আসছেন। আবার অনেকে পাখিদের ছবি তুলতে ঘাটালের হরিসিংপুরেও ভিড় করছেন। বছর আটেক ধরে হরিসিংহপুর জলাশয়ে পরিযায়ী পাখিরা আসছে এমনটাই জানা যায়।

